মীর আফরোজ জামান: ঢাকা
শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। বৃহস্পতিবার আওয়ামি লিগের ঘোষিত লকডাউন কর্মসূচির দিন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাজধানী ঢাকাসহ কয়েকটি এলাকায় যানবাহন চলাচল ব্যহত হওয়ায় জনজীবনে বিঘ্ন ঘটে। তবে সারাদেশে পূর্ণাঙ্গ লকডাউন কার্যকর হয়নি। রাজধানীর বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি, তল্লাশি ও গ্রেপ্তার অভিযান ছিল চোখে পড়ার মতো।
দুই দিনের রাজনৈতিক হিংসাং ও অগ্নিসংযোগে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন নড়াইলে বিএনপির দুই নেতাকর্মী, ফরিদপুরে কৃষক দলের একজন নেতা এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসের সহকারী মহম্মদ সিয়াম। ভান্ডারিয়ায় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা সিয়াম আগুনে পুড়ে মারা যান। দুটি যানবাহনে আগুন দিয়েছিল বলে পুলিশের দাবি। নড়াইলে নিহত দুজনের হত্যাকাণ্ডে আওয়ামি লিগের কর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। বুধবার রাতের সংঘর্ষে বিএনপির দুই সদস্য নিহত হওয়ার কথা পুলিশ জানিয়েছে। ফলে চারজনের সংখ্যাটি বিভিন্ন স্থানের একাধিক ঘটনার সমন্বিত হিসাব। হিংসার অন্যতম কেন্দ্র গোপালগঞ্জ। টুঙ্গিপাড়া থানা, পুলিশ ও বিজিবির যানবাহন এবং বিএনপি-সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের বাড়িতে হামলা হয়েছে। গোপালগঞ্জে এখন থানার কাজকর্ম সম্পুর্ন বন্ধ রয়েছে।
এ ছাড়া চট্টগ্রামে প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে বুধবার রাতে আগুন দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। ফরিদপুরে রাজনৈতিক হিংসায় কৃষক দলের এক নেতা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকার কাফরুলে স্বেচ্ছাসেবক লিগের সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চুর বাড়ির গ্যারেজে আগুন দেওয়া হয়। মিরপুরে নিষিদ্ধ যুবলিগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাসভবন ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার বাস ও ট্রাকে আগুন দেওয়া হয়েছে। যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। অন্যান্য এলাকায় কয়েকটি জেলায় বাস, পিকআপ, দোকানপাট ও রেললাইনের একটি অংশে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আওয়ামি লিগ ও সহযোগী সংগঠনের ১০৭ জন নেতাকর্মী রয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ও আওয়ামি লিগ নেতা নুরুল ইসলাম নাহিদ। বুধবার রাতে রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। উত্তরার অন্য একটি বাড়ি থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকেও গোয়েন্দা পুলিশ আটক করে ওই রাতে। এছাড়া রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক সংগ্রহ করা হয়েছিল। বৃহস্পতিবার দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘোষণা থাকলেও বাস্তবে সারাদেশকে অচল করে দেওয়া সম্ভব হয়নি। তবে গোপালগঞ্জ, ফরিদপুরসহ কয়েকটি এলাকায় কর্মসূচির প্রভাব ছিল উল্লেখযোগ্য। গুরুত্বপূর্ণ সড়ক, উড়ালসড়ক ও প্রবেশপথে পুলিশ মোতায়েন করা হয়। সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়।
ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তারাইল, গোপালপুর, ফুকরা, তিলছড়া ও ঘোনাপাড়া এলাকায় যানবাহনে আগুন এবং সড়কে প্রতিবন্ধকতা তৈরির খবর পাওয়া গেছে। অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ,সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ৯৭ প্লাটুন সদস্য দেশের সাতটি জেলায় মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে প্রায় দুই হাজার পুলিশ সদস্য, বিজিবির ১০ প্লাটুন এবং আনসার ব্যাটালিয়নের আট প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, মহাসড়ক, পদ্মা সেতু এবং বিভিন্ন প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের আশঙ্কা, পরিস্থিতি অস্থিতিশীল করতে সড়ক, রেল ও নৌ যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটানোর চেষ্টা হতে পারে। এ কারণে গোয়েন্দা নজরদারি ও সাইবার পর্যবেক্ষণও বাড়ানো হয়েছে। পোশাকশ্রমিকদের আন্দোলনেও সড়কে অচলাবস্থা তৈরি হয়। তাদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, সিপিবি, বাসদসহ শ্রমিক সংগঠন গুলো দাবি জানিয়ে আসছে। রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়কে পোশাকশ্রমিকদের পৃথক আন্দোলন পরিস্থিতিকে আরও জটিল করেছে। বেতনসংক্রান্ত দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করলে কয়েকটি পোশাক কারখানার কার্যক্রম ব্যাহত হয়। তবে, শ্রমিক আন্দোলন আওয়ামি লিগের লকডাউন কর্মসূচি থেকে পৃথক। ফলে রাজনৈতিক কর্মসূচি ও শ্রমিক অসন্তোষ দুইয়ের প্রভাব মিলিয়ে রাজধানীর যোগাযোগব্যবস্থায় চাপ তৈরি হয়েছে।
সব মিলিয়ে ১৯ নভেম্বরের পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। একদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা, অন্যদিকে সরকারের কঠোর নিরাপত্তাব্যবস্থা এবং পাল্টাপাল্টি রাজনৈতিক অবস্থান পরিস্থিতিকে সংঘাতমুখী করে তুলেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন রাজনৈতিক বিরোধের নিষ্পত্তি কি আলোচনার মাধ্যমে হবে, নাকি সংঘাত ও হিংসার মধ্য দিয়েই দেশকে আরও একটি অস্থির সময় অতিক্রম করতে হবে?
Comments :0