টাকি পৌরসভার লক্ষ লক্ষ টাকা দুর্নীতির মামলায় প্রাক্তন হেড ক্লার্ককে গ্রেপ্তার করল সিআইডি। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত শুরু করে সিআইডি। গত কয়েক সপ্তাহ আগে সিআইডির পাঁচ সদস্যের একটি দল বসিরহাটের টাকি পৌরসভায় গিয়ে তদন্ত চালায়। প্রায় আট ঘণ্টা ধরে পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় ও অন্যান্য পৌর কর্মীদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী দল। পাশাপাশি পৌরসভার একাধিক নথিও সংগ্রহ করা হয়। এরপর বৃহস্পতিবার সকালে টাকি পৌরসভার প্রাক্তন হেড ক্লার্ক টাকির বাসিন্দা তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত প্রবীর চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিআইডি। ২০২৫সালে তিনি অবসর নেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতকে এদিন বসিরহাট আদালতে তোলা হয়। আদালতে সিআইডি হেফাজতের আবেদন জানাবে তদন্তকারী সংস্থা।
আদালতের অনুমতি পেলে প্রবীর চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে ভবানী ভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে পৌরসভার আর্থিক দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। টাকি পৌরসভার কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে কয়েক মাস আগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়। আদালতের নির্দেশ পাওয়ার পর বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্ত শুরু করে সিআইডি। সেই তদন্তের সূত্র ধরেই এবার পৌরসভার প্রাক্তন হেড ক্লার্কের গ্রেপ্তারি। এই ঘটনায় টাকি পৌরসভার আর্থিক দুর্নীতির তদন্তে নতুন মোড় বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
Taki Municipality
আর্থিক দুর্নীতির মামলায় টাকির প্রাক্তন হেড ক্লার্ককে গ্রেপ্তার সিআইডি’র
×
Comments :0