কলকাতা মেডিকেল কলেজে এবিভিপির তান্ডবের ঘটনায় এখনও পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করতে পারলো না কলকাতা পুলিশ। বুধবার সন্ধ্যায় মুখে ভারত মাতা জয় স্লোগান দিয়ে একদল এবিভিপি সমর্থক মেডিকেল কলেজে ঢুকে ভাঙচুড় চালায়। লাঠি বাঁশ নিয়ে চলে তান্ডব।
চোরবাগান দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায় আহতদের বেসরকারি হাসপাতালে স্থানান্তরের রাজ্য সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন আট জুনিয়র চিকিৎসক। সেই কারণে তাদের শো-কজ নোটিশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের পক্ষ থেকে এই পদক্ষেপের তীব্র নিন্দাও জানানো হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতি প্রকাশ করে ওই আট চিকিৎসকের বিরুদ্ধে জারি করা শো-কজ নোটিস অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে চিকিৎসকদের যৌথ মঞ্চ।
গত ১৭ অক্টোবর চোরবাগানের দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন তাদের বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আট জুনিয়র চিকিৎসক। তাদের বক্তব্য ছিল, গুরুতর আহতদের উন্নত ও জীবনদায়ী চিকিৎসা সরকারি হাসপাতালেই বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাহলে তাঁদের বেসরকারি হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন হল কেন?
এই সমালোচনার জেরেই মঙ্গলবার ওই আট জুনিয়র চিকিৎসককে শো-কজ নোটিস পাঠানো হয় বলে অভিযোগ। ঘটনার প্রায় এক মাস পরে এই নোটিস জারি করার সময় নিয়েও প্রশ্ন তুলেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। তাদের বক্তব্য, প্রশাসনের এই পদক্ষেপের সময়, স্বেচ্ছাচারী সিদ্ধান্ত গ্রহণের ধরন এবং বারবার অজ্ঞাতনামা ‘উচ্চতর কর্তৃপক্ষের’ উল্লেখ প্রশাসনিক স্বচ্ছতা ও উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।
যৌথ চিকিৎসক মঞ্চের বিবৃতিতে বলা হয়েছে, সরকারের সঙ্গে সংঘাত তৈরি করা তাদের উদ্দেশ্য নয়। বরং প্রশাসন ও চিকিৎসক মহল পারস্পরিক আস্থা এবং সদিচ্ছার ভিত্তিতে একসঙ্গে কাজ করুক, সেটাই তারা চায়। তবে সংকটের সময়ে নিজেদের দায়িত্ব পালন করা চিকিৎসকদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনার রাতে হাউস স্টাফ, স্নাতকোত্তর প্রশিক্ষণরত চিকিৎসক, প্রবীণ চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীরা একযোগে আহতদের জরুরি চিকিৎসা, প্রাথমিক পুনরুজ্জীবন এবং সংকটকালীন পরিষেবা দিতে নিরলসভাবে কাজ করেছিলেন। অথচ সেই চিকিৎসকদের অবদানের স্বীকৃতি দেওয়ার পরিবর্তে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কথা তুলে ধরায় তাঁদের শাস্তির মুখে পড়তে হচ্ছে।
ওই আট ইন্টার্নের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির কোনও প্রতিষ্ঠিত অভিযোগ বা তদন্তের ফলাফল এখনও সামনে আসেনি বলেও দাবি করেছে যৌথ চিকিৎসক মঞ্চ। তাদের বক্তব্য, বিপর্যয়ের সময়ে যাঁরা নিষ্ঠার সঙ্গে পরিষেবা দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে চিকিৎসা পরিকাঠামোর ঘাটতি নিয়ে ওঠা প্রশ্নগুলির সমাধান করা উচিত।
এদিকে, সাসপেন্ড হওয়া ইন্টার্নদের সমর্থনে বুধবার রাতে কলকাতা মেডিক্যাল কলেজের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে বিক্ষোভ চলাকালীন বহিরাগতদের একাংশ ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন।
সব মিলিয়ে, জুনিয়র চিকিৎসকদের শো-কজ নোটিসকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ চত্বরে। চিকিৎসকদের যৌথ মঞ্চের স্পষ্ট দাবি, অবিলম্বে নোটিশ প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
বৃহস্পতিবার চিকিৎসকদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলেরও ডাক দেওয়া হয়েছে।
Calcutta Medical College
মেডিকেলে ভাঙছুড়ের ঘটনায় গ্রেপ্তার শূন্য, আজ প্রতিবাদ মিছিল
×
Comments :0