Cyclone Akvan

আকভানের প্রভাবে ক্ষতির আশঙ্কায় কৃষকেরা, সতর্কতামূলক ব্যবস্থা বসিরহাট প্রশাসনের

জেলা

আমবেড়িয়া গ্রামের মাঠে কেটে রাখা পাকা ধান।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সুন্দরবন অঞ্চলে বুধবার রাত থেকেই শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। বৃহস্পতিবার সকালেও বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাড়োয়া, মিনাখাঁ ও হাসনাবাদের মতো একাধিক এলাকায় বৃষ্টি অব্যাহত থাকায় উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। বৃষ্টির জেরে শীতকালীন সব্জি চাষ এবং মাঠে থাকা পাকা ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই চাষের ক্ষতির আশঙ্কায় মাথায় হাত পড়েছে আলু ও ধান চাষিদের।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভান উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আগামী ২০ নভেম্বর উড়িশার পুরীর কাছে উপকূলে এলাকায় আছড়ে পড়তে পারে। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ঘিরে বসিরহাট প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্র ও নদীতে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি নদীবাঁধ সংলগ্ন দুর্বল ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।
অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হওয়ায় সুন্দরবনের কৃষকদের ফসলের ক্ষতির আশঙ্কা বাড়ছে। বিশেষ করে আলু চাষের জমিতে অতিরিক্ত জল জমলে চাষের ব্যাপক ক্ষতি হতে পারে। একইভাবে মাঠে কেটে রাখা পাকা ধানের ক্ষেতে জল দাঁড়িয়ে গেছে। বৃষ্টির জেরে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এর ফলে আগামী দিনে শীতকালীন সব্জি ও ধানের উৎপাদন কমতে পারে। বাজারে সব্জি ও ধানের দাম বৃদ্ধির আশঙ্কাও তৈরি হয়েছে। হিঙ্গলগঞ্জ ব্লকের ১নং আমবেড়িয়া গ্রামের কৃষক ক্ষিরোদ মণ্ডল জানান, সুন্দরবন অঞ্চলে অধিকাংশ কৃষকই এক ফসলের উপর নির্ভরশীল। ঘূর্ণিঝড়ের প্রভাবে ফসলের ক্ষতি হলে তাদের আর্থিক সমস্যায় পড়তে হবে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা করলে তারা উপকৃত হবেন।
ঘূর্ণিঝড়ের গতিপথ ও বৃষ্টির পরিস্থিতির উপর নির্ভর করছে সুন্দরবনের কৃষিক্ষেত্রের ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে ঝড়ের আগেই বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হওয়ায় উদ্বিগ্ন সুন্দরবনের কৃষকরা।

Comments :0

Login to leave a comment