রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে বড় ধাক্কা বিজেপির। ক্ষমতাসীন বিজেপির তুলনায় বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে দলের জয় উদযাপনের মধ্য দিয়ে জয়পুরে কংগ্রেস সদর দপ্তরে উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে, গ্রামীণ স্থানীয় নির্বাচনে বিপর্যয়ের মুখে পড়া বিজেপির রাজ্য সদর দপ্তরে রয়েছে নিস্তব্ধ পরিবেশ।
সিপিআই(এম) প্রার্থীরা পঞ্চায়েত সমিতির ৫০ আসন এবং জেলা পরিষদে ৭ আসনে জয়ী হয়েছে সিপিআই(এম)। তবে একাধিক আসনে সিপিআই(এম) এগিয়ে।
এখন পর্যন্ত ৬,০৫০টি পঞ্চায়েত সমিতি আসনের মধ্যে কংগ্রেস ২,৯৯০টিতে জয়ী হয়েছে, অন্যদিকে বিজেপি জিতেছে ১,৭৯৫টি আসনে।
পঞ্চায়েত সমিতিতে আরএলপি (RLP) ৪৩৮টি, বিএপি (BAP) ২১৫টি, নির্দল প্রার্থীরা ৫১৬টি, বিএসপি (BSP) ৪৪টি এবং আপ (AAP) দুটি আসনে জয়লাভ করেছে।
পাশাপাশি, জেলা পরিষদ নির্বাচনে, ২৩৯টি আসনের মধ্যে কংগ্রেস ১৪৩টিতে জয়ী হয়েছে এবং বিজেপি জিতেছে ৮৩টি আসনে। এছাড়া নির্দল প্রার্থীরা পাঁচটি, আরএলপি চারটি, সিপিআই(এম) পাঁচটি এবং বিএসপি একটি আসনে জয়লাভ করেছে।
প্রবণতা অনুযায়ী মনে করা হচ্ছে যে গ্রামীণ এলাকাগুলিতে কংগ্রেস ভালো ফল করতে চলেছে। কংগ্রেসের এই ফলাফল ২০২৮ সালের রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে দলের মনোবল বাড়িয়ে তুলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, এই ফলাফল বিজেপির গ্রামীণ সমর্থন ভিত্তি এবং ভজন লাল শর্মা সরকারের কার্যকারিতা নিয়ে বিজেপির ভেতরেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
রাজস্থান নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩৭টি জেলায় ভোট গণনা চলছিল। সেখানে ১,২৭৫টি জেলা পরিষদ ওয়ার্ডের জন্য ৪,০৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পাশাপাশি, ৪১৯টি পঞ্চায়েত সমিতির অন্তর্গত ৭,৫৪৩টি পঞ্চায়েত সমিতি ওয়ার্ডের জন্য ২৫,১০৮ জন প্রার্থী নির্বাচনে লড়াই করেছেন।
২২ অক্টোবর, ২৮ অক্টোবর, ৩ নভেম্বর এবং ১৪ নভেম্বর চারটি ধাপে নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। রাজস্থানের ৪১,৪৮০টি ভোটকেন্দ্রে ২ কোটি ৪৮ লক্ষেরও বেশি ভোট পড়েছে।
লক্ষ্যণীয় যে রাজধানী শহর যে জেলায় সেই জয়পুরে পঞ্চায়েত সমিতির মোট ২২ আসনের মধ্যে ১৪টিতে জয়ী হয়েছে কংগ্রেস। এই এলাকায় বিজেপি’র দাপট বরাবর ছিল।
রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা অশোক গেহলট বলেছেন, কৃষক বা শ্রমিক, ছাত্র বা মহিলা, কাউকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি বিজেপি সরকার। তার প্রতিফলন পড়েছে ভোটে।
সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য অমরা রাম বলেন, বিজেপির বিরুদ্ধে জনতার ক্ষোভের প্রতিফলনই এই ফল।
Comments :0