রাজস্থানের নির্বাচনে বিরোধী কংগ্রেসের আসন আরও বাড়ছে। বিজেপি’র হারের চেহারা বড় হচ্ছে আরও। গুরুত্বপূর্ণ জয় হাসিল করেছে সিপিআই(এম)।
রাজস্থানের পঞ্চায়েত ভোটের ফলাফল প্রসঙ্গে সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য এবং সিকরের সাংসদ অমরা রাম বলেছেন বিজেপি’র বিপক্ষে জনতার ক্ষোভ একেবারে স্পষ্ট হয়ে উঠেছে। তিনি বলেছেন, ‘‘জনতা বড় ঝটকা দিয়েছে বিজেপি-কে। গ্রামাঞ্চলের মানুষের ক্ষোভ স্পষ্ট। রাজ্যের সরকারের বিজেপি। কিন্তু সরকারের ভূমিকায় কৃষিজীবী এবং গ্রামীণ মানুষ ক্ষুব্ধ।’’
অমরা রাম বলেছেন, ‘‘সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ধারাবাহিক সংগ্রাম চালিয়েছে সিপিআই(এম)। পঞ্চায়েত নির্বাচনে সিপিআই(এম)’র আসন বেড়েছে। মানুষের ভরসা বেড়েছে।’’
রাত সাড়ে আটটা নাগাদ রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জানানো হয়েছে যে পঞ্চায়েত সমিতি নির্বাচনের ৭৫৪৩টি আসনের মধ্যে কংগ্রেস ৩৭৫৮ আসনে, বিজেপি ২২১৩টি আসনে এবং সিপিআই(এম) ৫০টি আসনে জয়লাভ করেছে।
পাশাপাশি, জেলা পরিষদ নির্বাচনে ১২৭৫টি আসনের মধ্যে কংগ্রেস ৭৭২টি আসনে, বিজেপি ৩৫২টি আসনে, সিপিআই(এম) ৭ আসনে জয়লাভ করেছে।
রাজস্থানের নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রী এবং বিজেপি নেতা ঝাওয়ার সিং খারার পরিবারের চার সদস্য পঞ্চায়েত নির্বাচনে পরাজিত হয়েছেন। পাশাপাশি, আরও বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের আত্মীয়রাও খারাপ ফলাফলের মুখোমুখি হয়েছেন। রাজ্যে বিজেপি’র প্রতি অসন্তোষের একটি ছবি মন্ত্রীর পরিবারের এমন পরাজয়ে স্পষ্ট বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
যাঁরা নির্বাচনে পরাজিত হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন ঝাওয়ার সিং খাররের স্ত্রী শান্তি দেবী, তাঁর দুই ছেলে অজয় সিং ও দুর্গা সিং এবং তাঁর ছোট ভাইয়ের স্ত্রী প্রতিমা খাররা। শান্তি দেবী ও অজয় সিং বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অন্যদিকে দুর্গা সিং নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
আলওয়ারে, ভরতপুরের কংগ্রেস সাংসদ সঞ্জনা জাটভের ভগ্নিপতি শ্রীনিবাস জাটভ নির্বাচনে পরাজিত হয়েছেন। কাঠুমারের বিজেপি বিধায়ক রমেশ খিনচির পরিবারও বিপর্যয়ের মুখে পড়েছে, তাঁর দুই পুত্রবধূ দীপিকা ও বিন্দু, উভয়েই নির্বাচনে হেরে গিয়েছেন।
তবে নির্বাচনী ফলাফল অন্যান্য বেশ কয়েকটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের জন্য জয় নিয়ে এসেছে। সিকরে, প্রাক্তন বিধানসভা স্পিকার ও কংগ্রেস নেতা দীপেন্দ্র সিং শেখাওয়াতের পুত্রবধূ রাজরাজেশ্বরী জয়ী হয়েছেন। বিকানেরে ও প্রভাবশালী রাজনৈতিক পরিবারগুলোও জয়লাভ করেছে। কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী গোবিন্দরাম মেঘওয়ালের মেয়ে সরিতা নির্বাচনে জয়ী হয়েছেন। পাশাপাশি, নোখার কংগ্রেস বিধায়ক সুশীল ডুডির পুত্রবধূ নিকিতাও জয়লাভ করেছেন।
Amra Ram on Rajasthan Panchayat Poll
বিজেপি সরকারের ওপর ক্ষোভের বিস্ফোরণ , রাজস্থানের ফলে বললেন অমরা রাম
পঞ্চায়েতে ফল প্রকাশের পর ভাদরায় সিপিআই(এম) দপ্তর।
×
Comments :0