অমিত কুমার দেব: কোচবিহার
জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, বেকারদের কর্মসংস্থান, বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, সরকারি প্রকল্পের সুষ্ঠু বণ্টন, শিক্ষাঙ্গন এবং জেলায় গণতান্ত্রিক পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবি সহ ১০ দফা দাবিকে সামনে রেখে শুক্রবার কোচবিহার শহরে মিছিল ও কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তর সংলগ্ন এলাকায় বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচিতে শামিল হল কোচবিহার জেলা বামপন্থী দলসমূহ।
এদিন কোচবিহার জেলা সংশোধনাগার সংলগ্ন বিদ্যাসাগরের মূর্তির পাদদেশ থেকে এই মিছিল শুরু হয়ে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলটি কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তর সংলগ্ন এসে পৌঁছতেই পুলিশ ব্যারিকেডের মাধ্যমে আটকানোর চেষ্টা করে জনস্রোতকে। কিন্তু ব্যর্থ হয় তারা। ব্যারিকেড ভেঙে পুলিশ সুপারের দপ্তরের দিকে এগিয়ে যেতে শুরু করেন বামপন্থী কর্মী সমর্থকেরা। এরপর আরও একটি ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করা হলে সেটাও ভেঙে সামনের দিকে এগিয়ে যান তারা। পরবর্তীতে নেতৃত্বদের আহ্বানে রাস্তার ওপরে বসে পড়েন এই মিছিলে অংশগ্রহণকারী অগণিত বামপন্থী কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ। এখানেই চলে বিক্ষোভ সভা। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায় সহ সিপিআই(এম) নেতা মহানন্দ সাহা, ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকার, বিপ্লব বসু, এসইউসিআই (কমিউনিস্ট) নেতা শিশির সরকার, নেপাল মিত্র, সিপিআই নেতা পার্থপ্রতিম সরকার, আরএসপি নেতা তাপস সাহা প্রমুখ।
কোচবিহার শহরে মিছিল বামপন্থী দলসমূহের।
অনন্ত রায় বলেন, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই কোচবিহার জেলার গণতান্ত্রিক পরিবেশ বিপন্ন হয়ে পড়ছে। কোচবিহারের রাজনৈতিক ইতিহাসে যা নজিরবিহীন। বিরোধী রাজনৈতিক দলের জেলা দপ্তরগুলিতে পরিকল্পিত ভাবে আক্রমণ চালানো হয়েছে সিপিআই(এম),এসইউসিআই(সি)র জেলা দপ্তর এবং খাগড়াবাড়িতে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের দপ্তরে ভাঙচুর ও আক্রমণ চালানো হয়। শুধু তাই-ই নয়, জেলার বিভিন্ন স্থানে বামপন্থী দলগুলির স্থানীয় ও আঞ্চলিক কার্যালয়গুলিতে আক্রমণ চালিয়ে জবরদখল করা হয়েছে এবং কোথাও কোথাও গেরুয়া রং করে দেওয়া হয়েছে। এমনকি শারদোৎসবের সময় চিরাচরিত সুস্থ সাংস্কৃতিক পরিবেশকেও কলুষিত করে জেলার বিভিন্ন স্থানে বামপন্থীদের বুক স্টলে ন্যাক্কারজনক আক্রমণ ও ভাঙচুর চালানো হয়েছে। আইন-শৃঙ্খলার অবনতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মানুষের ন্যূনতম নিরাপত্তা বলে আর কিছু নেই। দিনহাটায় এক অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মেরে তাঁর গর্ভস্থ সন্তানকে নৃশংসভাবে খুন করার মতো চরম অমানবিক ও বর্বরোচিত ঘটনা ঘটেছে। পাশাপাশি শীতলকুচি এবং দিনহাটার ওকড়াবাড়িতে মিথ্যা অভিযোগে গণপিটুনি দিয়ে দুজন বামপন্থী কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শীতলকুচিতে সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখার্জির গাড়ির ওপরেও বর্বরোচিত আক্রমণ চালানো হয়। এমনকি পুলিশের পূর্বানুমতি নিয়ে আয়োজিত ডিওয়াইএফআই-এর রাজ্য স্তরের কর্মসূচি এবং ছাত্র সংগঠনের সাংগঠনিক কর্মসূচিতেও প্রকাশ্যে আক্রমণ হয়েছে। এই সমস্ত গুরুতর ঘটনার বিষয়ে পুলিশের কাছে নির্দিষ্ট অভিযোগ দায়ের করা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই বিভিন্ন ঘটনার সাথে যুক্ত দুষ্কৃতীদের দ্রুততার সাথে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এদিন জানানো হয়েছে জেলা পুলিশ সুপারের কাছে বলে জানান তারা।
নেতৃত্বরা আরও জানান, শাসকদলের একাংশের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, তোলাবাজি এবং আর্থিক অনিয়মের অভিযোগও প্রতিনিয়ত সামনে আসছে। খোদ শাসক দলেরই একাংশের কর্মী-সমর্থকরা বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগ তুলে সরব হয়েছেন, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও তীব্র ক্ষোভ ও ভয়ের সঞ্চার হয়েছে।
জেলার গ্রাম থেকে শহর সর্বত্র তীব্র মাদক কারবার রমরমিয়ে চলছে। এর পাশাপাশি রাজ্যে তীব্র অর্থনৈতিক সংকট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি এবং প্রশাসনিক ব্যর্থতায় সাধারণ মানুষ দিশেহারা। এই সমস্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবিও হয় এদিন তুলে ধরা হয়েছে পুলিশ সুপারকে।
Comments :0