মীর আফরোজ জামান: ঢাকা
বার্মায় রোহিঙ্গা গণহত্যার জন্য দায়ী করে বৃহস্পতিবার ঐতিহাসিক রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত। শুক্রবার সকালে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে পৌঁছান বাংলাদেশের বিদেশ মন্ত্রী ড. খলিলুর রহমান। সেখানে গিয়ে তিনি বলেছেন, আদালতের রায় শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ পুনর্বাসনের জন্য বার্মাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বার্মার সেনাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন রাষ্ট্র সংঘের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান। কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরের ফুটবল মাঠে আয়োজিত সমাবেশে তিনি গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও মানবিক সহায়তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি রোধ করার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন।
উল্লেখ্য, জাতিহিংসার জেরে উদ্বাস্তু রোহিঙ্গাদের বেশিরভাগই আশ্রয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েনও দেখা দিয়েছে।
খলিলুর রহমান বলেন, গণহত্যায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। বার্মাকে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জাতীয় আইন ও বিচারব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করতে হবে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। নাগরিকত্বের অধিকার, রোহিঙ্গাদের স্বাধীনতা এবং বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা দিতে হবে। কোনও রোহিঙ্গাকে অনিরাপদ পরিবেশে ফেরত পাঠানো যাবে না। তিনি বলেন ভবিষ্যতে এই ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি রোধে বার্মাকে কার্যকর আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। এ জন্য নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ, অসামরিক নিয়ন্ত্রণ এবং রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
Bangladesh
রোহিঙ্গাদের পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে বার্মাকে, দাবি বাংলাদেশের
×
Comments :0