ক্যানিংয়ের ঐতিহ্যবাহী পিয়ালি রাস ও গ্রামীণ মেলাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফুসছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় এক বিজেপি কার্যকর্তার বিরুদ্ধে ২০ লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয় পিয়ালির ঐতিহ্যবাহী এই রাসমেলা এবারে বিজেপি দখলের চক্রান্ত করছে বলে অভিযোগ। প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় ক্লাবসহ এলাকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, সিপিআই(এম) কর্মী নন্দ গায়েন এই রাস মেলা চালু করেছিলেন। কোনও রাজনীতির রঙ নয়, স্থানীয় মানুষেরা দলমত নির্বিশেষে এই রাসমেলা সফল করে তুলতে সহযোগিতা করেন। সর্বসাধারণের মেলায় পরিণত হয়েছে এই রাসমেলা। অথচ এবারের রাসমেলার দখলদারি ও তোলাবাজির অভিযোগে বিজেপি নেতা, কর্মীদের বিরুদ্ধ প্রতিবাদে সোচ্চার হয়েছেন স্থানীয় ক্লাব ও বাসিন্দারা।
তাঁদের কথায়, স্থানীয় ক্লাব মেলা পরিচালনা করবে। বিজেপির নেতারা মেলায় হস্তক্ষেপ করবে কেন। ২০ লক্ষ টাকা দাবি করার পর প্রতিবাদ করায় বিজেপির কার্যকর্তা পালালো কেন। এই প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
তাঁরা জানান, রেলের জায়গায় এই রাস ও গ্রামীণ মেলা হয়। প্রতি বছরই ডিআরএম’র এনওসি নেওয়া হয়। এবারে মেলা নিয়ে উদ্ভুত পরিস্থিতি ও বিতর্কের জেরে মেলার প্রস্তুতি বন্ধ রাখা হয়েছে। ডিআরএম’র এনওসি না পাওয়ায় ঐতিহ্যবাহী এই মেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জানা গিয়েছে, গত ৩০ বছর ধরে পিয়ালি রাস ও গ্রামীণ মেলা চলছে। নন্দ গায়েন’র পুত্র তন্ময় গায়েন জানান, ২০২২ সাল পর্যন্ত ২৬ বছর মেলা কমিটির সম্পাদক ছিলেন তাঁর বাবা। মেলা পরিচালনার জন্য সর্বসাধারণকে নিয়ে মেলা কমিটিও গঠন করা হতো। পরবর্তী সময়ে স্থানীয় ক্লাব এই রাসমেলার দখল নিয়ে মেলা পরিচালনা করছে। এই রাসমেলার প্রতিষ্ঠাতা নন্দ গায়েন। তিনি প্রয়াত হয়েছেন। তাঁর পরিবারকেও এই মেলা থেকে বঞ্চিত করা হয়েছে।
এদিকে পিয়ালি রাসমেলাকে কেন্দ্র করে যে অপ্রীতিকর পরিস্থিতি ও ক্লাব কমিটির কাছে ২০ লক্ষ টাকা দাবি করার বিষয়ে স্থানীয় ক্যানিং পশ্চিম ৪ নম্বর বিজেপির মন্ডল সভাপতি দেবাশিস রায় অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, "এই মেলা নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ক্লাবের কিছু সদস্য উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্লাব কর্মকর্তাদের কাছে বিজেপির এক কার্যকর্তা ২০ লক্ষ টাকা দাবি করেছে বলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে।" জানা গিয়েছে, এই ঘটনায় বৃহস্পতিবার স্থানীয় পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগও দায়ের করা হয়েছে।
BJP leader demands 20 lakh for Raas Mela in Canning
রাস মেলার জন্য ২০লক্ষ টাকা দাবি বিজেপি নেতার, ক্ষোভ ক্যানিংয়ে
×
Comments :0