জোর করে জমি দখল ও এই জমি দখলকে কেন্দ্র করে মারধরের ঘটনায় নাম জড়ালো তুফানগঞ্জ-২ ব্লকের বারকোদালি-২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা মহাদেব দাসের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে শনিবার তাকে গ্রেপ্তার করলো বক্সিরহাট থানার পুলিশ। তুফানগঞ্জ-২ ব্লকের বারকোদালি-২ গ্রাম পঞ্চায়েতের মানসাই এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মানসাই গ্রামের বাসিন্দা মহাদেব দাসের পৈতৃক সম্পত্তির ৫০শতক জমি প্রতিবেশী অখিল দাস, গুরুদাস দাস ও হরিদাস দাস কিনেছিলেন। সরকারি ভাবে জমির রেজিস্ট্রিও সম্পন্ন হয়। জমির দখল বুঝে নিয়ে এই তিনজন সংশ্লিষ্ট জমিতে চাষাবাদও শুরু করেন। অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি নেতা মহাদেব দাস বিজেপির রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তার বিক্রি করে দেওয়া জমি পুনরায় দখলের চেষ্টা করেন বলে অভিযোগ।
সম্প্রতি জমিতে ধান কাটার সময় অখিল দাস ও তাঁর দুই ভাইকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে অখিল দাস বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শুক্রবার সকালে ফের নিজের জমিতে ধান কাটতে গেলে লোকজন নিয়ে এসে তাদের ওপর বেপরোয়া হামলা চালায় এই বিজেপি নেতা বলে অভিযোগ।
এই বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগও উঠেছে সংশ্লিষ্ট এলাকা থেকে।
এই ঘটনায় বিজেপির বুথ সভাপতি অমৃত দাস দাবি করেন, "মহাদেব দাস স্বেচ্ছায় জমি বিক্রি করেছিলেন। বর্তমানে ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখলের চেষ্টা করছেন তিনি। জমিতে গিয়ে প্রতিবাদ করায় তাঁকেও হামলার মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন অমৃত দাস। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগও তোলেন তিনি।"
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মহাদেব দাসের পরিবার। জমি নিয়ে আদালতে মামলাও চলছে বলে দাবি তাদের।
Comments :0