উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেস, সমাজবাদী পার্টির সাথে বোঝাপড়ায় যাবে সিপিআই(এম) সহ বামপন্থীরা। সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘আমরা আমাদের সব শক্তি দিয়ে উত্তরপ্রদেশে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে সাহায্য করবো বিজেপিকে পারস্ত করতে।’
সূত্রের খবর সিপিআই(এম), সিপিআই, সিপিআই(এম-এল) লিবারেশনের শীর্ষ নেতৃত্ব নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশে ছাত্র, যুব, শ্রমিক, কৃষকদের তারা সংগঠিত করবে বিজেপির বিরুদ্ধে। রাস্তায় নেমে আন্দোলনও হবে বিভিন্ন দাবিকে সামনে রেখে। উত্তরপ্রদেশ রাজস্থান সহ বিভিন্ন রাজ্যের প্রভাব রয়েছে সারা ভারত কৃষক সভার। সেই প্রভাবকে কাজে লাগাতে চাইছে সিপিআই(এম) সহ বামপন্থীরা। বেবি পিটিআইকে বলেছেন, ‘কমিউনিস্ট এবং সমাজবাদীদের একসাথে লড়াই করা প্রয়োজন। তার সাথে কংগ্রেসকে যুক্ত হতে হবে বিজেপিকে পরাস্ত করার জন্য।’
সিপিআই(এম) এর পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে সমাজবাদী পার্টির সাথে তাদের একাধিক বৈঠক হয়েছে। আসন সমঝোতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে ধাক্কা খায় বিজেপি। উত্তরপ্রদেশে ৬২ থেকে তাদের আসন কমে হয় ৩৩। বাড়ে সমাজবাদী পার্টি। যোগী রাজ্য থেকে ৩৭টি আসনে জয়ী হন তারা। এই পরিস্থিতিতে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে নিজের শক্তি বাড়িয়ে বিজেপিকে কড়া চ্যালেজ্ঞের মুখে ফেলতে চাইছে বিরোধীরা।
সম্প্রতি সিপিআই(এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের সাথে বৈঠক হয় অখিলেশ যাদবের। দীপঙ্কর পিটিআইকে জানিয়েছেন, আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন, এসআইআর সহ একাধিক বিষয় নিয়ে সমাজবাদী পার্টির নেতার সাথে কথা হয়েছে তার।
তিনি বলেন, ‘ইন্ডিয়া মঞ্চকে শক্তিশালী করতে বামপন্থী দল গুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।’
MA Baby
উত্তরপ্রদেশে বিজেপিকে হারাতে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে সাহায্য করবে সিপিআই(এম) : বেবি
×
Comments :0