রণদীপ মিত্র
বছর পাঁচও হয়নি মেয়েটির। ছোট্ট রাবিকা ঘরে লোকজনের ভিড় দেখে ফ্যালফ্যাল করে চেয়ে আছে। এখনও বুঝতে পারেনি সবটা। এতক্ষণ ধরে বাবাকে না দেখে সে থাকেনি কোনও দিন। দুধের শিশুকে কোলে নিয়ে মা মামনি ফেলে চলেছেন চোখের জল।
শুক্রবার দুপুরে নলহাটির খাদানে পাথর চাপা পড়ে ক্ষতবিক্ষত হয়েছে লোকমান শেখের দেহ। শনিবার দুপুরে তাঁর দেহে মাটি দিয়েছেন পরিজনরা। বছর ছাব্বিশের তরতাজা ছেলেটা এভাবে অকালে চলে যাবে ভাবেননি কেউ।
লোকমান সেখের দাদা সোলেমান সেখ চোখের সামনে দেখেছে ভাইয়ের মৃত্যু। পাথর খাদানে ভাইয়ের সঙ্গে এক সঙ্গে কাজ করছিল সে। ধরা গলায় কোনও মতে জানিয়েছেন, ‘‘দৃশ্য ভুলতে পারছি না। আমাদের জীবন তো! কারো কাছে দাম নেই।’’
একদম ঠিক কথা বলেছেন ‘ড্রিলম্যান’ সোলেমান। তা না হলে অবৈধ খাদানের রমরমা মুনাফায় শ্রমিক মৃত্যুর মিছিল চলতে পারে না। যে তালিকায় সর্বশেষ যোগ হয়েছে নলহাটি বাগানপাড়ার লোকমান সেখ ও পাকুড়ের নাজাদু সেখের নাম।
শুক্রবার দুপুরে নলহাটির বাহাদুরপুরে খাদানের দেওয়ালে সত্তর ফুট উঁচুতে ড্রিলের কাজ করতে গিয়ে পাথর চাঁই ধসে মৃত্যু হয়েছে এই দুই শ্রমিকের। প্রথম নয়, আবার শেষও নয়।
বছর খানেক আগেই এই নলহাটিরই সুলতানপুর সাক্ষী হয়েছিল এমনই এক দুর্ঘটনার। সেই ঘটনা কেড়েছিল এমনই সাত-সাতটি গরিব শ্রমিকের প্রাণ। পাশের পাথর বলয় রাজগ্রামও সাক্ষী হয়েছিল তিন শ্রমিকের মৃত্যুর। এছাড়াও রয়েছে আরো বহু মৃত্যু। যার সিংহভাগই ধামাচাপা পড়েছে পাথরের গহ্বরে। তবে চাপা পড়েনি অবৈধ খাদানে পাথর লুটের কারবার। যেখানে আছে শুধু মুনাফার হিসাব। জীবনের দাম সেখানে মাপা হয় কাঁচা টাকার প্রদর্শনে। সর্বশেষ ঘটনাতেও তার অন্যথা হয়নি।
ভাইকে হারানো সোলেমানই জানিয়েছেন, ‘‘শেষকাজের জন্য মালিক পঞ্চাশ হাজার দিয়েছে। সাতদিন পর দেখা করবে বলেছেন। এর বাইরে আমাদের মত গরিব মানুষরা আর কি করতে পারি।’’
স্পষ্ট হয়ে গিয়েছে, সাতদিন পর মালিক ঠিক করবেন লোকমানের জীবনের দাম! মালিকপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা, প্রশাসনের দায় সব আড়ালে চলে যাবে সেই ‘দামে’র দাপটে। এ ভাষ্য উঠে এসেছে শ্রমিকদের মধ্যে থেকেই।
খাদানটি যে অবৈধ তা স্পষ্ট জানিয়ে ভূমি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘সরেজমিনে পরিদর্শন করা হয়েছে দুর্ঘটনাস্থল। তথ্য সংগ্রহ করা হয়েছে। শুধু এই খাদান নয়, নলহাটি এলাকার অধিকাংশ খাদানই অবৈধ। তদন্ত শুরু হয়েছে।’’ পাথর বলয়ে অ্যাসোসিয়েশন আছে। বলার অপেক্ষা রাখে না সেই অ্যাসোসিয়েশনের ভূমিকা কী হবে। কারণ বিগত দিনের প্রত্যেকটি ঘটনায় প্রশাসন, অ্যাসোসিয়েশনের অবস্থান সকলের জানা-চেনা। তাই তো এই ঘটনার পর বাগানপাড়াই এক পাথর শ্রমিক বলেছেন, ‘‘মালিক পয়সা ছড়াবে। সবাই চুপচাপ হয়ে যাবে। দিন কয়েক খাদান বন্ধ থাকবে। সব ঠিকঠাক হলে আবার রমরমিয়ে হবে ব্লাস্টিং। আমরাই তো আবার যাব। না হলে খাব কি?’’
নলহাটি মাইনস ওনার্স অ্যাসোসিয়েশন মৃতদের পরিবারের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। তবে অবৈধ কারবারে হোতার বিরুদ্ধে নয়, বরং অ্যাসোসিয়েশন ‘সমঝোতা’-র বার্তাই দিয়েছে। ভূমি দপ্তর সূত্রেই জানা গেছে, জেলায় পাথর খাদানের সংখ্যা দুই শতাধিক। বৈধ খাদানের সংখ্যা কুড়ি পেরোবে না। তথ্যেই স্পষ্ট লুটের দাপট এখনও কতটা। সেই দাপটের কাছে লোকমান, সোলেমানদের গলার স্বর তো ফিকে পড়বেই। আর রাবিকাদের মতো দুধের শিশুর চিরতরে হারাবে বাবার কোল, আদর।
Comments :0