জমি সংক্রান্ত বিবাদে তদন্তে সহযোগিতা করার নাম করে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন এক পুলিশ আধিকারিক। গোয়ালপোখোর থানার এক সাব-ইন্সপেক্টরকে ১০ হাজার টাকা উৎকোচ নেওয়ার অভিযোগে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন শাখা বা অ্যান্টি করাপশন ব্রাঞ্চ (এসিবি)। পুলিশের পোশাক পরে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইন রক্ষার দায়িত্বে থাকা এক আধিকারিকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি জমির দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। সেই বিবাদের তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন গোয়ালপোখোর থানার ওই সাব-ইন্সপেক্টর। অভিযোগ, মামলার তদন্তে এক পক্ষকে সহযোগিতা করা এবং তাদের অনুকূলে পদক্ষেপ করার আশ্বাস দিয়ে ওই পুলিশ আধিকারিক ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। শেষ পর্যন্ত সেই টাকা নেওয়ার সময়ই দুর্নীতি দমন শাখার আধিকারিকদের জালে ধরা পড়েন তিনি।
সূত্রের খবর, পুলিশ আধিকারিকের বিরুদ্ধে উৎকোচ চাওয়ার অভিযোগ আগে থেকেই দুর্নীতি দমন শাখার নজরে এসেছিল। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর পরিকল্পনামাফিক অভিযান চালানো হয়। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী ঘুষের টাকা লেনদেনের সময় তাঁকে পাকড়াও করা হয় বলে জানা গিয়েছে। এরপর তাঁকে গ্রেপ্তার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।
একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে। তবে গোটা ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখেও মুখ খুলতে চাননি পুলিশ কর্তারা। ধৃত আধিকারিকের বিরুদ্ধে কী কী ধারায় মামলা করা হয়েছে এবং তদন্তে আরও কারও নাম উঠে আসে কি না, এখন সেদিকেই নজর রয়েছে। ইসলামপুর পুলিশ জেলা সুপার রাকেশ সিং কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিষয়টি দুর্নীতি দমন শাখা দেখছে তাই এ ব্যাপারে কোন মন্তব্য করব না।
Goalpokhor Police
ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার গোয়ালপোখোর থানার সাব-ইন্সপেক্টর
×
Comments :0