লব মুখার্জি: পানিহাটি
সরকারে আসার পরেই বিজেপি সরকার , হকার উচ্ছেদ, বস্তি বাসীদের উচ্ছেদ করে দিয়ে ধনী ব্যবসায়ী এবং আবাসনের বৃহৎ ব্যবসায়ীদের মুনাফার ব্যবস্থা করার জন্য নেমে পড়েছে। ভোটার লিস্ট থেকে গরিব নিম্নবিত্ত মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। এই কাজকে প্রতিবাদ হীন করার জন্যই এনকাউন্টারের নামে এবং দুষ্কৃতীদের প্রশ্রয় দিয়ে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চায় বিজেপি। ফ্যাসিবাদিরা এই কাজই করে থাকে। ক্ষমতার দম্ভ এবং চরম ভীতি প্রদর্শনের জন্যেই নরেন্দ্র মোদী নিজেকে যুদ্ধবাজ আমেরিকার ট্রাম্প এবং ইজরাইলের ভক্ত বলে প্রতিষ্ঠা করেছিল। সিপিআই (এম) রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য এবং উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক পলাশ দাশ বুধবার পানিহাটিতে একথা বলেন।
সাতের দশকের সন্ত্রাসে পানিহাটির প্রথম শহীদ কমরেড জহর ঘোষ স্মরণে পার্টির পানিহাটি এরিয়া কমিটির ২ বুধবার পানিহাটির উষুম পুর বটতলায় সমাবেশের সংগঠিত করে। পলাশ দাশ ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, পার্টির রাজ্য কমিটি সদস্য কলতান দাশগুপ্ত, প্রবীণ পার্টি নেতা দুলাল চক্রবর্তী, জেলা সম্পাদক মন্ডলী সদস্য ঝন্টু মজুমদার,জেলা কমিটির সদস্য অনির্বাণ ভট্টাচার্য। সভাপতি ছিলেন নীলমণি বিশ্বাস।
পলাশ দাশ সমাবেশে বলেন,শুধুমাত্র মার্কসীয় এবং প্রগতিশীল বই বিক্রির স্টলে আক্রমণ করেই ক্ষান্ত হচ্ছে না বিজেপি সরকার। প্রকৃত ইতিহাস থেকে আগামী প্রজন্মকে অন্ধকারে রাখার জন্য এমনকি পুরানো সমস্ত তথ্য সম্বলিত বইকে তারা নস্যাৎ করতে চায়। একথা প্রমাণ হয়ে গেছে।
আরএসএসের কেউ ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী কোন সংগ্রামে শহীদ হননি কেউ জেলেও যান নি। তাই হেডগেওভারের সাথে সুভাষচন্দ্র বসুর সংযোগের একটি মিথ্যা প্রচার সংগঠিত করে বিকৃত ইতিহাস ছড়াচ্ছে আরএসএস পরিচালিত বিজেপি। শ্যামাপ্রসাদ মুখার্জির বেইমানিকে ঢাকা চাপা দেওয়ার জন্যও মিথ্যা প্রচার সম্বলিত বই ছাপা হচ্ছে।
তিনি বলেন,এরা এত বেশি সনাতনী সনাতনী বলে প্রচার করছে অথচ কে সনাতনী? এটা কেউ খুঁজে পাচ্ছে না। রাষ্ট্রবাদী রাষ্ট্রবাদী ধূয়া তোলা হচ্ছে ফলে বিজেপি - আরএসএস কিভাবে রাষ্ট্রবাদী কেনই বা দেশের অন্য মানুষরা রাষ্ট্রবাদী নয় এই প্রশ্ন সামনে চলে আসছে।
তিনি বলেন, সরকারি হাসপাতাল গুলিতে চিকিৎসার ব্যবস্থা লাটে উঠেছে, সমস্ত জিনিসপত্রের দাম অগ্নিমূল্য তাকে ঠেকানোর কোন ব্যবস্থা নেই, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সমগ্র শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, অথচ মুখ্যমন্ত্রী ব্যস্ত কে মাথায় টিকা পড়ে, কে ধর্মাচরণ কিভাবে করে সেটা খোঁজার জন্য। একথা উল্লেখ করে পলাশ দাশ বলেন, একটা সরকার আসার পরে এত অল্প সময়ের মধ্যে এভাবে মানুষ বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বলছে এরকমটা কোনদিন দেখা যায়নি। এমনকি বিজেপির বিধায়ক বলতে বাধ্য হচ্ছেন, "বিজেপি না জিতলেই বোধ হয় ভালো হতো"। অপরদিকে তৃণমূল কংগ্রেসের একটা অংশ এই দলে ঢুকে পড়েছে এবং আরেকটা অংশ বিজেপির চোখে ভালো তৃণমূল হয়ে বসে আছে।
তিনি বলেন,বিজ্ঞান প্রযুক্তির প্রভূত উন্নতির সময় কালে নতুন প্রজন্মের জ্ঞান শিক্ষা মানসিক বিকাশের জন্য মুখ্যমন্ত্রী কোন কথা বলছেন না। মুখ্যমন্ত্রী ফতোয়া দিচ্ছেন, হিন্দুত্বের পরিচয় দিতে হবে। সংখ্যালঘুদের ওপর আক্রমণের এবং মহিলাদের ওপর আরএসএসের যে দৃষ্টিভঙ্গি তাকে প্রতিষ্ঠা করার কাজেই বিজেপি আরএসএস ব্যস্ত।
বছরের পর বছর শাসন এবং শোষণ চালিয়ে যাওয়ার জন্য,বিজেপি চায় সাম্প্রদায়িকতার চাষ হবে এরকম শিক্ষা ব্যবস্থা। অথচ রাজ্য ও দেশের মানুষ এখন চাইছে বিজেপি সরকারকে অপসারণ করতে।
পলাশ দাশ বলেন, বাংলা এবং ভারত এখন একটা নতুন ব্যবস্থার দিকে এগোনোর জন্য সংগ্রামের রাস্তা বেছে নিতে চাইছে। নতুন প্রজন্ম এই সরকারকে মেনে নিচ্ছে না। সমস্ত মানুষকে সংগঠিত করে বিজেপি - আরএসএস এর দেশবিরোধী কাজের বিরুদ্ধে আন্দোলনে এগিয়ে চলার মধ্যে দিয়েই শহীদ কমরেড জহর ঘোষ সহ অন্যান্য শহীদদের স্মৃতিকে চিরজীবী করে রাখার আহ্বান জানান পলাশ দাশ।
কলতান দাশগুপ্ত সমাবেশে বলেন, গতকাল কলেজ স্ট্রিটে বুকস্টল করার অপরাধে যে ছাত্রদের গ্রেফতার করা হয়েছিল তাদের জামিন হলেও, বুক স্টল থেকে পুলিশ যে বইগুলি নিয়ে চলে গেছে সেই বই গুলির জামিন হয়নি। পুলিশ বই এখনো ফেরত দিতে পারছে না। এইরকম একটা সরকার চলছে পশ্চিমবাংলায়। সর্বত্রই বুক স্টলের উপরে আক্রমণের প্রতিবাদ জানিয়ে অনেক মানুষ স্টল গুলিতে এসে বই কিনে নিয়ে গেছেন। যাদের মধ্যে অনেকেই হয়তো বামপন্থী ছিলেন না। এই মানুষদের মধ্যেই বেঁচে থাকবেন শহীদ কমরেড জহর ঘোষ এবং অন্যান্য শহীদ কমরেডরা।
Comments :0