গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করল আবগারি দপ্তর। মঙ্গলবার শ্যামপুর থানার বারগ্রাম এলাকায় অভিযান চালিয়ে একটি চারচাকা গাড়ি থেকে প্রায় ৭৪০ লিটার চোলাই মদ উদ্ধার করেন আবগারি দপ্তরের আধিকারিকরা। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও।
আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, গোপন সূত্রে চোলাই মদ পাচারের খবর পেয়ে ডেপুটি কমিশনার অরুণ কুমার হাজরার নেতৃত্বে বাগনান ও শ্যামপুর আবগারি দপ্তরের আধিকারিকরা যৌথ অভিযান চালান। বারগ্রামের কাছে আগে থেকেই ওঁত পেতে অপেক্ষা করছিলেন তাঁরা। সেই সময় একটি লাল রঙের চারচাকা গাড়ি আসতে দেখেই সেটিকে আটকানো হয়। গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ চোলাই মদ।
ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে আবগারি দপ্তর। উদ্ধার হওয়া চোলাই মদ কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই চোলাই মদ পাচারের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
Shyampur Hooch Siezed
শ্যামপুরে ৮ লক্ষ টাকার চোলাই বাজেয়াপ্ত
×
Comments :0