Suvendu Adhikari

মুখ্যমন্ত্রীর মুখে নেই ব্রাত্য চা শ্রমিকদের যন্ত্রণার কথা! হতাশ শ্রমিকরা

রাজ্য জেলা

মুখ্যমন্ত্রীর জেলা সফর ঘিরে চা বলয়ে তৈরি হয়েছিল প্রবল প্রত্যাশা। কুমারগ্রামের রায়ডাক গল্ফ কোর্স ময়দানে জনজাতি গৌরব দিবসের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে ছিলেন জেলার হাজার হাজার মানুষ। বিশেষ করে চা শ্রমিকদের মধ্যে ছিল বাড়তি উন্মাদনা। তাঁদের আশা ছিল, দীর্ঘদিনের বঞ্চনা, অভাব-অনটন এবং প্রতিদিনের জীবনসংগ্রামের কথা এবার অন্তত মুখ্যমন্ত্রীর মুখে শোনা যাবে। কিন্তু সভা শেষে সেই আশার অনেকটাই হতাশায় পরিণত হল।
মুখ্যমন্ত্রী জানালেন, আদিবাসী ও জনজাতি সমাজের উন্নয়নের সমস্ত প্রকল্পের দায়িত্ব এবার থেকে সরাসরি রাজ্য সরকার গ্রহণ করবে। শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ, হস্টেল অনুদান এবং জনজাতি উন্নয়নের বিভিন্ন প্রকল্প নিয়েও আশ্বাস দিলেন তিনি। ভুয়ো তফশিলি উপজাতি শংসাপত্র বাতিল এবং ভবিষ্যতে এমন অনিয়ম রুখতে 'জিরো টলারেন্স' নীতির কথাও ঘোষণা করলেন। কিন্তু প্রশ্ন হল, যে চা শ্রমিকরা প্রতিদিন পেটের তাগিদে লড়াই করছেন, তাঁদের জীবনযন্ত্রণার কথা কোথায়?
এটি মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার জেলায় তৃতীয় সফর। এর আগে ন্যূনতম মজুরি ৫০০ টাকা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। অথচ এবারের সভায় সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে একটি স্পষ্ট শব্দও শোনা গেল না। কবে বাড়বে দৈনিক মজুরি? কবে খুলবে বন্ধ চা বাগান? কবে শ্রমিকদের হাতে আসবে জমির পাট্টা? কবে মিলবে স্থায়ী বাড়ি ও কর্মসংস্থানের নিশ্চয়তা? বছরের পর বছর ধরে জমে থাকা পিএফ ও গ্র্যাচুইটির সমস্যার সমাধানই বা কবে হবে?
শুধু তাই নয়, চা শ্রমিক পরিবারের স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল এবং সন্তানদের শিক্ষার উন্নতি নিয়েও নির্দিষ্ট কোনও নতুন ঘোষণা সামনে এল না। শ্রমিকদের জন্য আলাদা আর্থিক প্যাকেজের কথাও শোনা গেল না।
সভা মঞ্চ থেকে জনজাতি উন্নয়নের নানা প্রতিশ্রুতি এলেও চা শ্রমিকদের মৌলিক সমস্যাগুলি যেন থেকে গেল আড়ালেই। সভার আগে লোকনাথপুর আশ্রম হস্টেল পরিদর্শন, পড়ুয়াদের সঙ্গে কথা বলা এবং ময়নাবাড়ি হাতিপোতা মোড়ে বিরসা মুণ্ডার মূর্তি উন্মোচনের মতো কর্মসূচি ঘিরে ছিল যথেষ্ট প্রচার। কিন্তু চা বাগানের শ্রমিক লাইনে বসবাসকারী মানুষের জীবনে পরিবর্তন আনতে নির্দিষ্ট সময়সীমা কোথায়?
চা শ্রমিকদের প্রশ্ন, বারবার প্রতিশ্রুতি শুনে আর কতদিন অপেক্ষা করতে হবে? তাঁদের দাবি স্পষ্ট—ভাষণ নয়, চাই ন্যায্য মজুরি, জমির অধিকার, বাসস্থান, কাজ এবং সামাজিক সুরক্ষার নিশ্চয়তা।
জনজাতি উন্নয়নের কথা অবশ্যই জরুরি। কিন্তু সেই জনজাতি সমাজেরই বড় অংশ চা শ্রমিকদের জীবনযন্ত্রণার প্রশ্ন যদি বারবার উপেক্ষিত হয়, তবে উন্নয়নের প্রতিশ্রুতি তাঁদের কাছে কতটা অর্থবহ? রায়ডাকের সভা শেষে এই প্রশ্নই এখন ঘুরছে চা বাগানের শ্রমিক মহল্লায়।

Comments :0

Login to leave a comment