Mohun Bagan

টানা পাঁচ জয়ে শীর্ষে সুবজ মেরুন

খেলা

চোট সারিয়ে প্রথমবার শুরু থেকে খেললেন। একেবারের ভিন্ন রূপে দেখা গেল জেমি ম্যাকলারেনকে। অস্ট্রেলিয়ান এ লিগে কিংবদন্তি হয়েছেন ভূরি ভূরি গোল করে। ভারতে এসেও দু’মরশুম মিলিয়ে ২৮ গোল করেছেন মোহনবাগানের জার্সিতে। রবিবার গোয়ায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে মোহনবাগান জিতল ২-১ গোলে। 
স্কোরশিটে নাম তুলেছেন লালিয়ানজুয়ালা ছাংতে ও অনিরুদ্ধ থাপা। দু’টি গোলের পথ মসৃণ করলেন জেমি ম্যাকলারেন। তাঁর নিঁখুত মাইনাস থেকে গোল না হলে অবাক হতে হতো! ছাংতে, অনিরুদ্ধ দু’জন স্রেফ পা ছোঁয়ালেন, বল জড়িয়ে গেল জালে। গোলের মধ্যে থাকা লি আরউইনকে বসিয়ে, বড় ম্যাচের আগে ম্যাকলারেনের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য শুরু থেকে খেলালেন। ৬৯ মিনিট মাঠে থেকে জোড়া অ্যাসিস্টে পার্থক্যে গড়ে দিলেন জেমি। গোল করতে না পারলেও, ডার্বির আগে ম্যাকলারেনের মতো ফুটবলারের ফর্মে ফেরা স্বাভাবিকভাবেই স্বস্তি দিচ্ছে প্যানাজিওটিস ডিলমপেরিসকে।
নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হেরে আইএসএল অভিযান শুরু করা মোহনবাগান, পরপর পাঁচ ম্যাচ জিতে ডার্বি খেলতে নামবে—  অতি বড় মোহনবাগান সমর্থকও হয়তো বিশ্বাস করতে পারেননি। কারণ, তাঁদের ভরসা ছিল না গ্রিক কোচের উপর। প্যানোসের দল ধারাবাহিকভাবে দৃষ্টিনন্দন ফুটবল খেলতে পারছে না ঠিকই, কিন্তু দিনের শেষে তিন পয়েন্ট শেষ কথা। জয়ই খেতাবের কাছে পৌঁছে দেয়। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষে মোহনবাগান। এক ম্যাচ বেশি খেলে বেঙ্গালুরু এফসি’র থেকে দু’পয়েন্ট এগিয়ে সবুজ মেরুন। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর পয়েন্ট ৫ ম্যাচে ১৩। 
ডার্বির এক সপ্তাহ আগে, রক্ষণ নিয়ে চিন্তায় রাখবে প্যানোসকে। আলবার্তো রড্রিগেজের তিনটি কার্ড থাকায় তাঁকে শুরু খেলাননি তিনি। সংযুক্তি সময়ে দীর্ঘদেহী ডিফেন্ডারকে নামিয়ে নিয়েছিলেন। শুরুতে  
জোড়া ভারতীয় ডিফেন্ডারকে দিয়ে রক্ষণ সাজান গ্রিক কোচ। টানা তিন ম্যাচ হেরে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামা চার্চিল ব্রাদার্স, বারবার মোহন রক্ষণে আঘাত হানল। পরিসংখ্যান বলছে, ম্যাচে মোহনবাগানের চেয়ে ১৩ টি শট বেশি নিয়েছে। গোলের মধ্যে রেখেছে সাতটি শট। তবে মেহতাব-রাহুল জুটি ও গোলের নিচে থাকা বিশাল কাইথ মিলে মোহনবাগানের দুর্গ রক্ষা করেছে। বিশেষ করে শেষ দশ মিনিট বাগান রক্ষণের নাভিশ্বাস তুলে দিয়েছিল চার্চিল। তাতেই একটা পেনাল্টি আদায় করে ফেলে। ৮৪ মিনিটে বক্সের মধ্যে ভিন্সি ব্যারেটোকে ফাউল করেন মনবীর। রেফারি পেনাল্টি দেন চার্চিলের পক্ষে। ৮৫ মিনিটে পানেনকা কিকে ঠান্ডায় মাথায় বিশাল কাইথকে পরাস্ত করেন সেবাস্তিয়ান গুতিয়েরেজ। আইএসএলে চতুর্থ গোল করে ফেললেন তিনি। 
সে অর্থে, চার্চিলের বিরুদ্ধে মোহনবাগান দাপুটে ফুটবল খেলেছে এমন নয়। প্রচুর সুযোগ তৈরি করতে পারেনি। গোলে শট নিয়েছে তিনটি। সেখান থেকে দু’টি ফিনিশ। ম্যাচের ২৬ মিনিট তখন। ড্রাজিচ বল বাড়ান ম্যাকলারেনকে। অজি ফুটবলারের নিঁখুত মাইনাস, ছাংতের উদ্দেশ্য। মনবীরের পরিবর্তে প্যানোস তাঁকে শুরু থেকে খেলান। সেই ছাংতেই এগিয়ে দিলেন বাগানকে। তবে ৫৪ মিনিটে তাঁকে তুলে নেওয়ায় মেজাজও হারান। ওই সময় অনিরুদ্ধকে নামান প্যানোস। আট মিনিটের মধ্যে অনিরুদ্ধ দলকে এগিয়ে দিলেন। মনবীর থেকে ম্যাকলারেন। ডানপ্রান্ত থেকে নিঁখুত মাইনাস জেমির। ডিফেন্সের পিছন থেকে দৌড়ে ট্যাপ ইনে ২-০ করেন থাপা। গোয়া থেকে তিন পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরেই বড় ম্যাচের প্রস্তুতি শুরু করে দেবেন বাগান কোচ। চলতি মরশুমে জোড়া ডার্বি জিতে রয়েছেন প্যানোস। 
 


মোহনবাগান : বিশাল, শুভাশিস, মেহতাব, রাহুল, অভিষেক, আপুইয়া, সামীর (আলবার্তো), ড্রাজিচ (কিয়ান), লিস্টন (অনিরুদ্ধ), ছাংতে (মনবীর), ম্যাকলারেন (আরউইন)
 

Comments :0

Login to leave a comment