দেশের প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে চলে এসেছেন। ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে চরম দারিদ্র্য প্রায় নির্মূল হয়েছে। বিশ্বব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টের উল্লেখ করে এমনই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সমাজমাধ্যম লিঙ্কডইনে প্রকাশিত এক নিবন্ধে এই সাফল্যের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের গত এক দশকের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে দিয়েছেন তিনি। তবে দারিদ্র্য দূরীকরণে সরকারের এই সাফল্যের দাবি এবং তার মূল্যায়নের পদ্ধতি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
অর্থমন্ত্রীর বক্তব্য, দারিদ্র্যকে শুধুমাত্র আয় বা মজুরির নিরিখে বিচার করা যায় না। কোনও পরিবারের মাথার উপর পাকা ছাদ, পানীয় জল, শৌচাগার কিংবা স্বাস্থ্য পরিষেবার নিশ্চয়তা না থাকলে সেই পরিবার আর্থিকভাবে সুরক্ষিত হতে পারে না। তার কথায়, পরিবারের একজন সদস্য অসুস্থ হয়ে পড়লেই সঞ্চয়ের সমস্ত অর্থ শেষ হয়ে যেতে পারে এবং পরিবারটি ফের দারিদ্র্যের মুখে পড়তে পারে।
নির্মলার দাবি, স্বাধীনতার পর ছয় দশকেরও বেশি সময় ধরে দারিদ্র্য দূরীকরণের প্রতিশ্রুতি অপূর্ণ থেকে গিয়েছিল। ২০১০-এর দশকের গোড়াতেও আন্তর্জাতিক মহলে ভারতকে দারিদ্র্য, অপুষ্টি, অপর্যাপ্ত শৌচব্যবস্থা, পরিচ্ছন্ন রান্নার জ্বালানি এবং ব্যাঙ্কিং পরিষেবার ঘাটতিতে জর্জরিত দেশ হিসেবে দেখা হত বলে তার বক্তব্য। সেই সময় দারিদ্র্য দূরীকরণের প্রচলিত নীতি ছিল দরিদ্র মানুষের হাতে সরাসরি অর্থ তুলে দেওয়া। কিন্তু মোদি সরকার সেই পথ থেকে সরে এসে 'অন্ত্যোদয়' নীতিতে গুরুত্ব দিয়েছে বলে দাবি করেছেন তিনি।
এই নীতির ব্যাখ্যা দিতে গিয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, সমাজের একেবারে শেষ সারিতে থাকা মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই ছিল তাদের লক্ষ্য। বাড়ি, পানীয় জল, শৌচাগার, রান্নার গ্যাস, স্বাস্থ্য পরিষেবা এবং ব্যাঙ্কিংয়ের মতো ক্ষেত্রগুলিতে নির্দিষ্ট পরিবারকে চিহ্নিত করে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। তার দাবি, কোনও 'জাদুকাঠি' নয়, বরং প্রতিটি পরিবারকে চিহ্নিত করে প্রকল্পের বাস্তবায়ন এবং প্রযুক্তির সাহায্যে তার নজরদারির মাধ্যমেই এই পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী নিজেও প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়মিত পর্যবেক্ষণ করেছেন বলে দাবি নির্মলার।
নিজের বক্তব্যের সমর্থনে দুটি উদাহরণও তুলে ধরেছেন অর্থমন্ত্রী। পশ্চিমবঙ্গের সুশ্মিতা ঘড়াইয়ের কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, কোভিড অতিমারির সময় বাবার মৃত্যুর পর তাদের পারিবারিক ছাপাখানা বন্ধ হয়ে যায়। জমি বা সোনার মতো কোনও সম্পত্তি বন্ধক রাখার সুযোগ না থাকায় মুদ্রা প্রকল্পের বিনা জামানতের ঋণ নিয়ে তিনি ফের ব্যবসা শুরু করেন। বর্তমানে তার সংস্থায় আটজন কর্মী কাজ করেন এবং ডিজিটাল প্রিন্টিংয়ের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
নাগাল্যান্ডের প্রত্যন্ত কিফিরে জেলার জনজাতি মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর সাফল্যের কথাও উল্লেখ করেছেন নির্মলা। তার দাবি, সেখানকার 'লাখপতি দিদি' এসথার বাজরাভিত্তিক খাদ্যপণ্য অনলাইনে বিক্রি করে রাজ্যের বাইরেও ক্রেতা তৈরি করেছেন। এই মহিলাদের আরও বড় স্বপ্ন দেখার এবং 'কোটিপতি দিদি' হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তবে আগামী দিনের অর্থনৈতিক পরিকল্পনা নিয়েও ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত' গড়ার লক্ষ্যে দারিদ্র্য থেকে বেরিয়ে আসা পরিবারগুলিকে যাতে ফের আর্থিক সংকটে পড়তে না হয়, তার জন্য ঋণ, বাজার এবং ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত করার কথা বলেছেন তিনি। কর্মসংস্থান-সংযুক্ত আর্থিক সুবিধা, ইন্টার্নশিপ, শিক্ষানবিশ প্রশিক্ষণ এবং শিল্পের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের যোগাযোগ বাড়ানোর উদ্যোগের কথাও উল্লেখ করেছেন। পাশাপাশি পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তকে যুক্ত করার দাবি করেছেন।
অর্থমন্ত্রীর বক্তব্যে সরকারি প্রকল্পের সুবিধা এবং কয়েকটি পরিবারের ব্যক্তিগত সাফল্যের কাহিনি উঠে এলেও দারিদ্র্য দূরীকরণের সামগ্রিক ছবির মূল্যায়নে আয়, কর্মসংস্থানের স্থায়িত্ব, মজুরি, মূল্যবৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং সরকারি স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবার বাস্তব অবস্থা কতটা গুরুত্বপূর্ণ, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কয়েকটি প্রকল্পের সুবিধা পাওয়া পরিবারের অভিজ্ঞতা দিয়ে দেশের সব দরিদ্র মানুষের আর্থসামাজিক পরিস্থিতির পরিবর্তন কতটা হয়েছে, তা নির্ধারণ করা যায় না। বিশ্বব্যাঙ্কের পরিসংখ্যানের পাশাপাশি এই পরিবর্তনের বাস্তব সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের পূর্ণাঙ্গ মূল্যায়নও জরুরি।
Nirmala Sitharaman
দারিদ্র্য দূরীকরণে সাফল্যের দাবি নির্মলার, কৃতিত্ব মোদি সরকারের নীতির দাবি ঘিরে প্রশ্ন
×
Comments :0