দ্বিতীয়বারের জন্য ক্ষমতা দখল করেই কাশ্মীরের মানুষের জন্য বিশেষ সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার। কোনোরকম আলোচনা ছাড়াই কার্যত গায়ের জোরে বাতিল করে দেওয়া হয় সংবিধানের ৩৭০ ধারা এবং ২৫(ক) ধারা। দেশ স্বাধীন হবার পর জম্মু ও কাশ্মীর ভূখণ্ড যে সব শর্ত সাপেক্ষে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল সেই শর্তগুলিই কাশ্মীরের অধিবাসীদের জন্য বিশেষ অধিকার হিসাবে লিপিবদ্ধ হয় সংবিধানের ৩৭০ এবং ৩৫(ক) ধারায়। উগ্র হিন্দুত্ববাদ যেহেতু ভীষণভাবে সাম্প্রদায়িক এবং মুসলিম বিদ্বেষী তাই ২০১৪ সালে রাষ্ট্র ক্ষমতা দখলের পর থেকে উঠেপড়ে লাগে মুসলিম অধ্যুষিত কাশ্মীরের অধিবাসীদের বিশেষ অধিকার কেড়ে নিতে। কিন্তু প্রথম মোদী সরকার সেটা করতে সাহস পায়নি। পুলওয়ামায় সন্দেহজনক সন্ত্রাসবাদী হামলার আবহে তীব্র ও উগ্র দেশপ্রেম ও জাতীয়তাবাদী প্রচারের ঝড়ে বিরাট সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসে আর বিলম্ব করেনি। প্রথম রাতেই বেড়াল মারার মতো আচমকা সংসদে আলোচনা ছাড়াই চরম স্বৈরাচারী কায়দায় সংবিধান সংশোধন বিল পাশ করিয়ে নেওয়া হয়।
সংবিধান কাশ্মীরের স্থায়ী বাসিন্দাদের জন্য বেশ কিছু বিশেষ অধিকারের সঙ্গে জমির অধিকার নিশ্চিত করেছে। কাশ্মীর ভূখণ্ডের কোনও জমির মালিকানা কেবল কাশ্মীরের স্থায়ী অধিবাসীদেরই থাকবে। বাইরের মানুষের কাছে হস্তান্তর করা যাবে না। কর্পোরেট বান্ধব মোদী সরকারের কাছে কর্পোরেটের প্রবল চাপ ছিল কাশ্মীরের জমি, বনজ ও খনিজ সম্পদ দখলের। অর্থাৎ কাশ্মীরের খনিজ-বনজ প্রাকৃতিক সম্পদ কাশ্মীরের মানুষের হাত থেকে ছিনিয়ে নেবার তাগিদেই বদলানো হয় সংবিধান।
সাংবিধানিক অধিকার হরণের পর ইতিমধ্যে সাত বছর কেটে গেছে। লক্ষ্যপূরণে মোদীরা অনেকটাই সফল। অকল্পনীয় সামরিক নিরাপত্তায় কাশ্মীরকে কার্যত জেলখানা বানিয়ে মানুষকে দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা হয়েছে। তাদের বাক্স্বাধীনতা, প্রতিবাদ-বিরোধিতার অধিকার কেড়ে নিয়ে নীরবে সকলের অলক্ষ্যে জমি লুট শুরু হয়ে যায়। ইতিমধ্যে উপত্যকার প্রায় দশ লক্ষ হেক্টর জমি বেহাত হয়ে গেছে। বিভিন্ন কর্পোরেট সংস্থা সুযোগ বুঝে কেন্দ্রীয় শাসনের সহায়তায় আপেল চাষের, ধান চাষের এবং অন্যান্য চাষের জমি দখল করে রিসর্ট সহ নানা ব্যবসায়িক কাজ শুরু করেছে। এদের মধ্যে রয়েছে অমিত শাহ’র পুত্রও। পহেলগামে অমিত পুত্রের রিসর্ট তৈরি হয়েছে।
এভাবে চাষের জমি বেদখল হয়ে যাবার ফলে বহু পরিবারের কাজের বা রোজগারের সুযোগ কমে গেছে। বেকারের সমস্যা বাড়ছে। এভাবে চলতে থাকলে বনাঞ্চল এবং পাহাড় আগামী দিনে চলে যাবে কর্পোরেটের হাতে পরিবেশের বিপর্যয় ত্বরান্বিত হবে। অর্থাৎ কাশ্মীরের বাসিন্দাদের অর্থাৎ মুসলিমদের উৎখাত করে সেখানে হিন্দুত্ববাদীদের দখলদারি কায়েম করতেই ছক কষে এগচ্ছে মোদী সরকার।
editorial
কর্পোরেট গ্রাসে কাশ্মীর
×
Comments :0