post editorial

ভয়ে ভয়ে আছি এই বাংলায়

সম্পাদকীয় বিভাগ

পবিত্র সরকার
আমি এক ‘ভেতো’ বাঙালি, ‘ভীতু’ বাঙালিও বলতে পারেন।  গাঁয়ের ছেলে, বাঙাল রিফিউজি, আশি বছর পশ্চিমবাংলায় থেকে স্কুল কলেজ করে পুরোপুরি বাঙালি হয়ে উঠতে পেরেছি কি না জানি না। মধ্যে আবার পশ্চিমবাংলা উলটোদিকের ভূপৃষ্ঠে, ইংরেজিভাষী ভূগোলে কিছুদিন থাকা হয়েছে, তাতে আমার বাঙালিত্ব হয়তো আরও ঘষটানি খেয়েছে।  সেই সব অপরাধ স্খালনের জন্যে প্রাণপণে বাংলাভাষায় লিখে থাকি, আর নিজেকে বাঙালি বলে জাহির করি।  
জাহির করি, কিন্তু কথায় কথায়  গোখলের উদ্ধৃতি দিই না, তিন-চারটে নোবেল পুরস্কারের কথা তুলি না, ‘টেগোর’ নিয়ে সাইনবোর্ড লাগাই না। বাঙালির স্বাতন্ত্র্য আর মহিমা সম্বন্ধে আমি একটু-আধটু জানা আছে, কিন্তু এই ‘অস্মিতা’ নিয়ে আমি লাফালাফিও করি না। আমি ভারতীয় নাগরিক, ভারতবাসী হিসাবে ভারতের সব নাগরিকদের সম্বন্ধেই আমার প্রীতি বোধ আছে। আমি নানা লেখায় কলকাতার নির্মাণে অবাঙালিদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা লিখেছি। অবাঙালিদের একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে আমি যুক্ত ছিলাম, আছি। কিন্তু সেই আমিও পশ্চিমবঙ্গের নতুন সরকারের মুখ্য ও অন্যান্য পদাধিকারীদের কিছু কাজকর্ম আর উক্তি দেখে শঙ্কিত বোধ করছি।  
প্রথম হলো দুর্গাপূজার আগে সেই কী এক ঈশ্বরমার্কা বাবা না কে এসেছিলেন কোন এক বাগেশ্বরধাম থেকে।  এসেছিলেন মানে, নিজে টিকিট কেটে বাস বা বন্দে ভারতে করে, ‘যাই, বঙ্গালি ভাইলোগোঁ ক্যায়সে হ্যায় জরা দেখুঁ’ বলে হাসতে হাসতে এসে পড়েননি, আমাদের নবনির্বাচিত মন্ত্রীসান্ত্রীরা তাঁকে সমাদর করে প্লেনে চড়িয়ে নিয়ে এসেছিলেন, তাঁর সঙ্গে মহানন্দে পাত পেড়ে খেয়েছেন দু’দিন। তিনি এসে বললেন যে, বাঙালিরা মাছমাংস খায় বলে এমনিতেই ধর্মে পতিত অর্থাৎ পাখণ্ডি, বা পাষণ্ড। তবে কিনা, ভগবানকী কিপাসে এবারে বাংলায় সনাতনিদের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, কাজেই এবারে দুর্গামাইজির পুজোয় মাছমাংস খাওয়া চলবে না।  সাহসটা একবার দেখুন! দুর্গাপূজা একান্তভাবেই বাঙালির পুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, কয়েকশো বছর ধরে বাঙালি করে আসছে, তাদের কিনা এই উটকো সন্ন্যাসী এসে উপদেশ দিচ্ছে এ পুজোয় কী করতে হবে আর কী করতে হবে না। আর আমাদের শাসকেরা সেটা হেঁ-হেঁ হাসিমুখে শুনে গেলেন, প্রীতিভোজে তাকে আপ্যায়ন করে বিদায় দিলেন, তার গায়ে আঁচড়টি লাগল না। শাসকদলের খুচরো নেতারা প্রতিদিন উপদেশ দিয়েছেন, পুজোমণ্ডপের চারপাশে বিরিয়ানির দোকান চলবে না, পুজোতে বিরিয়ানি খাওয়া চলবে না। ওদিকে এক জনপ্রিয় বাংলা দৈনিকে সেদিন মাননীয় বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়ের একটি লেখা পড়লাম তাঁর শ্রদ্ধেয় খুড়োমশায় বাঙালি শ্যামাপ্রসাদ সম্বন্ধে, মুরগির মাংসে নাকি তাঁর দিব্যি রুচি ছিল।
না, রাজনীতিকেরা গলায় গেরুয়া চাদর পরবেন, পরবেন সাদা পাজামা আর ভুঁড়িশোভন পাঞ্জাবি, তাতে কোনও আপত্তি নেই। ওটা উত্তর ভারতীয় (ওঁদের মুখে ‘ভারতীয়’) পোশাক, যদিও দুটোই মধ্যপ্রাচ্য থেকে এসেছে, সেটা তাঁরা জানেন কি না জানি না।  ‘পাজামা’ কথাটা তো ফারসি। ‘হিন্দু’ কথাটাও তাই বলে ওঁরা হিন্দুর বদলে ‘সনাতনি’ শুরু করেছেন, কিন্তু ‘পাজামা’, ‘বাবা’ এ সব কথা তাড়াবার কথা ভাবেননি।  দেখুন, বাংলা ভাষাটাও তাঁদের মুখে কীরকম বদলে যায়।  কার্যকর্তাকে তাঁরা বলেন ‘কারিয়কর্তা’;  ভারতীয়ের কথা তো আগেই বলেছি।  ওঁদের প্রধানের বাংলা ভাষা সম্বন্ধে অগাধ জ্ঞান, তিনি বলেন যে সিপিএম ‘ইশতেহার’-এর মতো কথা বাংলায় ঢুকিয়ে বাংলা ভাষাকে নষ্ট করছে। তিনি জানেন না যে, তাঁদের গুরুদেব মহান ঋষি বঙ্কিমচন্দ্র একশো চল্লিশ বছর আগে বলে গেছেন যে, ‘বিজ্ঞাপন’ কথাটা যদি লোকে না বোঝে তা হলে ‘ইশ্‌তেহার’ লিখতে কোনও দোষ নেই (‘সহজ রচনা শিক্ষা’ দেখুন)।  
ভাষার কথা ছেড়ে দিয়ে লোকজনের কথায় আসি। আমাদের এই বাঙালিদের আদর নতুন শাসকদের কাছে কি একটু কম? নইলে ইডেনের ওই কী একটা দলীয় গ্যাঞ্জামে নাকি এক কোটি টাকার বেশি বাজি পোড়ানো হলো সেদিন, তার কন্ট্রাক্ট নাকি পেয়েছিল কোনও এক গুজরাটি কোম্পানি।  এটা আমি গুজব শুনলাম, সত্যটা ঠিক কী জানি না। তারপর এই জগদ্ধাত্রী পূজাতেও শুনলাম কোথায় যেন চন্দননগরের বিশ্ববিখ্যাত আলোকশিল্পীদের বাদ দিয়ে গুজরাটি কোন কোম্পানিকে চুক্তি দেওয়া হয়েছে। এটাও কানাঘুষো হিসাবে শুনেছি।  
আচ্ছা, কানাঘুষো বাদ দিয়ে চোখে যা দেখলাম তাই নিয়ে বলি। এই যে ছট পুজো গেল।  ছটপুজো বিহারী ভাইবোনদের বড় উৎসব, পশ্চিম বাংলায় তা চিরকালই হয়ে এসেছে, বাজনা বাজিয়ে, বাজি ফুটিয়ে—কখনও তাতে অসুবিধে কেউ করেনি, এমনকি সেই ‘কুখ্যাত’ চৌত্রিশ বছরেও কিছু হয়নি।  হঠাৎ এবারে দেখলাম, আমাদের পৌরমন্ত্রী এ বিষয়ে একটু বেশি বেশি উৎসাহ দেখাচ্ছেন, যেন তিনি এর অভিভাবক বা প্রধান উপদেষ্টার পদ পেয়েছেন।  তিনি রবীন্দ্র সরোবরে (সুভাষ সরোবরেও বোধ হয়) ছটপুজোর সামগ্রী বিসর্জনের পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়লেন, এ কথা না জেনেই যে, পরিবেশবিদরা ওই সরোবরে ছটপুজো নিষিদ্ধ করে রেখেছেন, মাছ ও জলের অন্যান্য জীবদের জীবনে বিঘ্ন ঘটবে বলে।  সেটা বন্ধ হলো তো পবিত্র দায়িত্ব তুলে নিল ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ—এত বছর নিরীহ নির্দোষ মুখ করে চুপচাপ থেকেছে, কিন্তু এবার হঠাৎ অতিনাটকীয়ভাবে সচেতন হয়ে উঠল।  তারা হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মগুলিকে উৎকট রং করে ফেলল আর মাইক্রোফোনে তারস্বরে ভোজপুরী গান বাজাতে শুরু করল।  মুম্বাইতে এটা করতে গিয়ে মানুষের আপত্তিতে তাদের বন্ধ করতে হয়েছে, কিন্তু এখানে তো শাসকদের পৃষ্ঠপোষকতা ছিল। রঙের ব্যাপারটাতে তারা বোধ হয় পৌরমন্ত্রীর গড়িয়াহাট ব্রিজ রং করা থেকে বুদ্ধি পেয়েছিল।  কলকাতাতে নানা অঞ্চলে ঠেকুয়া আর লিট্টির দোকানও বসে গেল বেশ কিছু।  
আমি আগেই বলেছি, আমি প্রাদেশিক নই, আর কলকাতা তথাকথিত ‘কসমোপলিটান সিটি’, তাতে বহু সংস্কৃতির আশ্রয় তো হবেই।  কিন্তু নতুন সরকারের ছটপুজো নিয়ে অতি-অতি-উৎসাহ দেখে এই ঘরপোড়া গোরুর ১৯৫৬ সালের বিধানচন্দ্র রায়ের সেই বাংলা-বিহার ‘মার্জার’ প্ল্যানের দুঃস্বপ্নের কথা মনে পড়ে গেল।  ডাঃ রায় বাংলা বিহার এক করতে চেয়েছিলেন, বলেছিলেন বাঙালিরা মাথার জোরে শাসন করবে।  এই দাবিটা ঠিক ছিল না, ফলে বামপন্থী মোহিত মৈত্র ডাঃ রায়ের প্রার্থী মহাশক্তিধর অশোক সেনকে নির্বাচনে হারিয়ে দিয়েছিলেন।  
আমি জানি না, নতুন শাসকেরা বাঙালিদের একটু কোণঠাসা করে রেখে উচিত ‘শিক্ষা’ দেবার একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছেন কি না।  ‘ভোট দিয়েছিস তো দিয়েছিস, কিন্তু আমাদের কাছ থেকে কোনও তোল্লাই আশা করেছিস তো ভুল করেছিস।  একে তোরা দীর্ঘদিন ধরে বামপন্থীদের মাথায় করে রেখেছিলি, ফলে তোদের অনেকের মধ্যে ওদের দূষিত ছোঁয়াচ লেগে আছে তা আমরা জানি।  তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই তাঁর ধ্যানমন্ত্র উচ্চারণ করেছিলেন, ‘কমিউনিস্টদের উঠতে দেব না’। তার পর বই পড়া, বইয়ের স্টল দেওয়া নিয়ে বাঙালি তোদের আদিখ্যেতা আমাদের দু’চক্ষের বিষ।  যেখানে পাব বাগড়া দেব।  তোদের বিশ্ববিদ্যালয়গুলো সব গাদা গাদা ‘দিমাগি নকশাল’ তৈরি করছে, তাইতো যাদবপুরের ওপর আমাদের রাত দুপুরে হামলা করতে হল, নাগা সন্ন্যাসীদের বাহিনী এনে হুমকি দিতে হলো।  দেখে শেখ! আমাদের সনাতনি শিক্ষার প্রতীক হলো ওই নাগা সন্ন্যাসীরা।  বুনো ওল যদি দিমাগি নকশালরা হয় তবে আমাদের বাঘা তেঁতুল ওই নাগা সন্ন্যাসীরা ‌!  পৃথিবীর আর কেউ এমনটি পারবে ?’  এই অধম লেখকের ধারণা, নাগা সন্ন্যাসীরাও সকলেই অবাঙালি।  তারাই শাসকদলের বেশি আপনজন, নিজের রাজ্যের ছাত্র-ছাত্রীদের চেয়েও।
তাই সেই ‘ভেতো’ আর ‘ভীতু’ বাঙালি হিসাবে আমার মতো লোকেরা একটু ভয়ে ভয়ে আছে।  বাঙালি হওয়ার পাপে আরও নানা শাস্তি না নেমে আসে।


মুখ্যমন্ত্রী প্রথমেই তাঁর ধ্যানমন্ত্র উচ্চারণ করেছিলেন, ‘কমিউনিস্টদের উঠতে দেব না’।   তার পর বই পড়া, বইয়ের স্টল দেওয়া নিয়ে বাঙালি তোদের আদিখ্যেতা আমাদের দু’চক্ষের বিষ।  বিশ্ববিদ্যালয়গুলো সব গাদা গাদা ‘দিমাগি নকশাল’ তৈরি করছে। আমাদের সনাতনি শিক্ষার প্রতীক হলো ওই নাগা সন্ন্যাসীরা। বুনো ওল যদি দিমাগি নকশালরা হয় তবে আমাদের বাঘা তেঁতুল ওই নাগা সন্ন্যাসীরা! পৃথিবীর আর কেউ এমনটি পারবে?

Comments :0

Login to leave a comment