সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল। দাদুকে চিকিৎসা করাতে এসে লাইনের নিয়ম ভাঙার প্রতিবাদ করায় আউটডোরে কর্তব্যরত চিকিৎসককে চড় মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। ঘটনার জেরে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। নিরাপত্তার দাবিতে প্রায় ৪০ মিনিট চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভে শামিল হন। যদিও অভিযুক্ত যুবকের পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন এবং তাঁর চিকিৎসা চলছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার আউটডোর বন্ধ থাকার পর সোমবার রোগীদের ভিড় উপচে পড়ে। একাধিক চিকিৎসক আউটডোরে থাকলেও লম্বা লাইনের কারণে কিছুটা সময় লেগেছিল।অভিযোগ, সেই সময় ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চানন মোড় এলাকার বাসিন্দা দীপকুমার রায় তাঁর দাদুকে নিয়ে আউটডোরে আসেন।দীর্ঘ লাইন এড়িয়ে এগিয়ে যেতে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজ বর্মন তাঁকে লাইন মেনে আসার কথা বলেন। তখনই ওই যুবক চিকিৎসকের ওপর চড়াও হন এবং মারধর করেন বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শী মহম্মদ মজিবরের কথায়, ‘‘এক বয়স্ক রোগীকে তাঁর নাতি আউটডোরে দেখাতে নিয়ে এসেছিলেন। লম্বা লাইনে দেরি হওয়ায় আচমকাই নাতি চিকিৎসকের শার্টের কলার ধরেন। পালটা চিকিৎসকও যুবকের কলার ধরেন, তখনই ওই যুবক চিকিৎসককে মারধর করেন। এরপরই আউটডোর বন্ধ হয়ে যায়।’’ চিকিৎসকের গায়ে হাত তোলার খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে তাঁরা পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। ফলে প্রায় ৪০ মিনিট চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছায়। অভিযুক্ত যুবক দীপকুমার রায়কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে পরিস্থিতি সামাল দিতে এসিএমওএইচ ডাঃ সব্যসাচী মন্ডল ঘটনাস্থলে আসেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা ও নিরাপত্তার আশ্বাস দিলে প্রায় ৪০ মিনিট পর পরিষেবা স্বাভাবিক হয়। এসিএমওএইচ বলেন, ‘‘একজন চিকিৎসকের গায়ে রোগী বা রোগীর আত্মীয় হাত তুলবেন, এটা কখনই কাম্য নয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে। আউটডোর চলাকালীন পুলিশি নিরাপত্তার জন্যও অনুরোধ জানানো হয়েছে।’’
অন্যদিকে, ঘটনার খবর পেয়ে যুবকের পরিবার হাসপাতালে পৌঁছায়। তাঁর বাবার দাবি, কয়েক বছর ধরে ছেলে মানসিক রোগে ভুগছেন। জলপাইগুড়ি, শিলিগুড়ি এমনকি ভিন রাজ্যেও চিকিৎসা করানো হয়েছে। এখনও নিয়মিত ওষুধ চলছে। দাদুকে নিয়ে হাসপাতালে যাওয়ার বিষয়টি পরিবারের জানা ছিল না বলে দাবি করেছেন। রোগী পরিষেবা দিতে গিয়ে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসক মহল। দোষীর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ ও হাসপাতালে স্থায়ী নিরাপত্তার দাবি উঠেছে। পুলিশ জানিয়েছে, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Comments :0