প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী। বৃহস্পতিবার কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। পরিবার সূত্রে এই খবর জানানো হয়েছে। মালদহের রাজনৈতিক মহলে ‘লেবুবাবু’ নামেই পরিচিত ছিলেন তিনি।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গণি খান চৌধুরীর ছোট ভাই ছিলেন আবু নাসের খান চৌধুরী। ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন গণি খান চৌধুরী। দাদার রাজনৈতিক উত্তরাধিকার বহন করে মালদহের রাজনীতিতে নিজের পরিচিতি তৈরি করেছিলেন আবু নাসের।
বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন ভাইপো তথা মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী।
সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে দু'বার কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন আবু নাসের খান চৌধুরী। ২০১১ সালে মমতা ব্যানার্জির মন্ত্রিসভার বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। পরবর্তীকালে রাজ্য সরকারের উপর থেকে কংগ্রেস সমর্থন প্রত্যাহার করে নিলে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন আবু নাসের।
তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী, মালদহের পারিবারিক বাসভবন কোতওয়ালি ভবনে বাবা-মায়ের সমাধির পাশেই তাঁকে সমাধিস্থ করা হবে বলে জানিয়েছেন ঈশা খান চৌধুরী।
তাঁর প্রয়াণে মালদহের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
Abu Naser Khan Chowdhury
প্রয়াত প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরী
×
Comments :0