অন্যকথা
মুক্তধারা
---------------------------------------------
শেষপ্রণাম আশা ভোঁসলে
---------------------------------------------
পূর্বায়ণ ময়রা
সঙ্গীত জগতের এক অবিস্মরণীয় নাম আশা ভোঁসলে। তার সুরের মুচ্ছনায় পুরনো এবং নতুন দুই প্রজন্মের শত শত শ্রোতা আজও সমানভাবে মুগ্ধ হয়। তার কন্ঠে যেন সাক্ষাৎ মা সরস্বতীর অধিষ্ঠান। ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাঙ্গলি জেলায় গৌড়ে জন্মগ্রহণ করেন সঙ্গীত জগতের অসামান্য ব্যক্তিত্ব আশা ভোঁসলে। তার পিতা পন্ডিত দীননাথ মঙ্গেশকর নিজেও ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের একজন নামকরা শিল্পী। সুতরাং এ কথা বললে খুব ভুল হবে না যে সঙ্গীত ছিল তার রক্তে। নিয়তি যেন ছিল পূর্বনির্ধারিত। তাই মাত্র ৯ বছর বয়সে সঙ্গীত জীবনের সূচনা হয় তার। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সাফল্য। একের পর এক অবদানে আশা ভোঁসলে সমৃদ্ধ করে তুলতে লাগলেন সঙ্গীত জগতের ইতিহাস। নিজের ক্রমাগত প্রচেষ্টায় ষাট ও সত্তরের দশকের বলিউড ফিল্মে ডান্স ও ক্যাবারে গানে অপ্রতিদ্বন্দ্বী আধিপত্য স্থাপন করে তিনি । অল্প বয়সে আশা ভোঁসলে গণপতরাও ভোঁসলেকে বিয়ে করলেও পরে তাদের বিচ্ছেদ হয়। এরপর আশা ভোঁসলে প্রখ্যাত সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মণের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সঙ্গীত জগতের উজ্জ্বল দুই নক্ষত্রের মহামিলন সম্পন্ন হয়। এরপর আসে সেই ঐতিহাসিক দিন। শুধু আশা ভোঁসলের জীবনে নয় সমগ্র সঙ্গীত জগতের ইতিহাসের চিরস্মরণীয় এক ঐতিহাসিক দিন। সালটা ২০১১ বিশ্বের সবচেয়ে বেশি গান রেকর্ড করার শিল্পী হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতি দেয়া হয় তাঁকে। আটদশকের দীর্ঘ কর্মজীবনে তিনি ২০ টির বেশি ভাষায় ১২ হাজারের এর বেশি গান রেকর্ড করে ছিলেন। এছাড়া ১৯৯৭ সালে প্রথম ভারতীয় হিসেবে গ্ৰ্যামি পুরস্কার এর জন্য মনোনীত হন আশা ভোঁসলে। সমগ্র দেশের জন্য এ হলো এক বিশাল সম্মান। আশা ভোঁসলে সব ধরনের গানের ক্ষেত্রেই ছিলেন সমান পারদর্শী। সে শাস্ত্রীয় সঙ্গীত হোক বা আধুনিক পপ। আর. ডি. বর্মনের সুরে তার বহু গান আজও সুপারহিট। তিনি একাধিকবার ফিল্মফেয়ার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০০০ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। সদ্য গতকাল অর্থাৎ ১২ এপ্রিল ,২০২৬ তারিখে আমরা হারালাম সংগীত জগতের উজ্জ্বল সেই নক্ষত্র আশা ভোঁসলে কে। ৯২ বছর বয়সে প্রয়াত হলেন আশা ভোঁসলে।
দ্বাদশ শ্রেণী
কল্যাননগর বিদ্যাপীঠ খড়দহ উত্তর ২৪ পরগনা
খড়দহ, উত্তর ২৪ পরগনা
৯১৬৩৮০০২৪৬
Comments :0