Flights Cancelled

সৌদি আরবে হামলা, ঢাকা থেকে বাতিল ৫১ টি ফ্লাইট

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা 
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী  একের পর এক বিমান বাতিল। ১৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্স মোট ৫১টি ফ্লাইট বাতিলের ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে। ঢাকার শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ও বিমান ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এক আধিকারিক সোমবার বিকালে বলেন, এখন পর্যন্ত ৫১টি ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইন্সগুলো। আরও ফ্লাইট বাতিল করলে তখনই তা জানানো হবে। ইতোমধ্যে বাতিল হওয়া ফ্লাইটগুলোর পাঁচ হাজার ৪১৮জন যাত্রী বাংলাদেশে আটকা পড়েছেন বলে জানান তিনি।
সরাসরি চলাচলকারী যেসব বিমান বাতিল হয়েছে, তার মধ্যে রয়েছে বিমানের চারটি, ইউএস-বাংলার দুটি এবং রিয়াদ এয়ার ও সৌদিয়ার তিনটি করে ফ্লাইট। এছাড়া ৩৯টি ট্রানজিট ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে আছে ইনডিগোর ১৬টি, সালামএয়ারের ৩টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি এবং ফ্লাইদুবাইয়ের ৫টি।
গত শনিবার রিয়াদে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের ওপর একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ হয়। ঘটনায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত হন, আহত হন ৩০৮ জন। নিহত অন্যদের মধ্যে সৌদি আরবের চারজন এবং ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জর্ডান, প্যালেস্তাইন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিক রয়েছেন। এই ঘটনার পর রবিবার ফের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে নিশানা করে হুতিরা। তাতে এক পাকিস্তানের নাগরিক নিহত হওয়ার পাশাপাশি ১১ ব্যক্তি আহত হয়েছেন। হুতিরা জানিয়েছে, তারা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে বিমানবন্দরটিকে নিশানা করেছে।
এদিকে, সৌদি আরবের দাম্মামের পথে উড়াল দিয়ে কাতারের দোহায় জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৯ ফ্লাইট দাম্মাম হয়ে নিরাপদে দেশে ফিরেছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একথা জানিয়েছে।
বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস এদিন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা পথে তাদের সব বিমান বাতিল করা হয়েছে। নতুন সময়সূচি ঠিক হলে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। সৌদি আরবের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

Comments :0

Login to leave a comment