পার্কিংয়ের জন্য নিয়মিত টাকা নেওয়া হলেও ধূপগুড়ি পৌর বাস টার্মিনাসে গাড়ির নিরাপত্তার কোনও ব্যবস্থা নেই—এমনই অভিযোগ গাড়ি চালক ও মালিকদের একাংশের। তাঁদের অভিযোগ, রাতের অন্ধকারে টার্মিনাসে দাঁড়িয়ে থাকা বাণিজ্যিক গাড়ি থেকে তেল, ব্যাটারি, জক, লিভার-সহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। গত কয়েকদিনে অন্তত পাঁচটি গাড়ি থেকে চুরির অভিযোগ উঠেছে।অথচ টার্মিনাসে কোনও রাতের প্রহরী ব্যবস্থা নেই, পাশাপাশি সিসিটিভি ক্যামেরাও নেই।
বাস মালিকদের অভিযোগ, গাড়ির পার্কিং বাবদ দিনে ২০ টাকা এবং রাতে নাইট পার্কিংয়ের জন্য ২০-২৫ টাকা নেওয়া হয়।অর্থাৎ দৈনিক গড়ে ৪০-৪৫ টাকা পর্যন্ত পার্কিং বাবদ দিতে হচ্ছে। তাঁদের দাবি, পার্কিংয়ের সঙ্গে গাড়ির নিরাপত্তার বিষয়টিও যুক্ত। কিন্তু প্রায় এক বছর ধরে রাতে টার্মিনাসে কোনও প্রহরী থাকছে না।
এই সুযোগেই রাতের অন্ধকারে দুষ্কৃতীরা টার্মিনাসে ঢুকে গাড়ির ট্যাঙ্ক থেকে পাইপের সাহায্যে তেল বের করে নিয়ে যাচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে ৬০ লিটারের ট্যাঙ্কের সমস্ত তেলই উধাও হয়ে যাচ্ছে বলে অভিযোগ। শুধু তেল নয়, টায়ার খোলার জক, লিভার এবং অন্যান্য দামি যন্ত্রাংশও খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
গাড়িচালক সিদ্ধেশ্বর বোস বলেন, ‘‘শুধু তেল নয়, গাড়ির জক, লিভার-সহ বিভিন্ন যন্ত্রাংশও চুরি হচ্ছে। গত কয়েকদিনে প্রায় পাঁচটি গাড়ি চুরির শিকার হয়েছে। রাতে কোনও নৈশপ্রহরী থাকে না। টার্মিনাস এলাকা খোলা থাকায় দুষ্কৃতীরা সুযোগ নিচ্ছে। সকালে গাড়ি চালাতে এসে দেখা যায়, ফুল ট্যাঙ্কের তেল উধাও।’’
চালক ও মালিকদের অভিযোগ, পার্কিং বাবদ নিয়মিত টাকা নেওয়া হলেও গাড়ির নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও কার্যকর উদ্যোগ নেই। সিসিটিভি না থাকায় চুরির ঘটনা গুলির তদন্তেও সমস্যা হচ্ছে বলে দাবি।
টার্মিনাসে অবিলম্বে রাতের স্থায়ী প্রহরী নিয়োগ এবং সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি জানিয়েছেন চালক ও গাড়ির মালিকরা। দ্রুত নিরাপত্তার ব্যবস্থা না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন।
Dhupguri Bus Terminus
গাড়ি থেকে তেল-যন্ত্রাংশ চুরির অভিযোগ ধূপগুড়ি বাস টার্মিনাসে
×
Comments :0