অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘ককরোচ আন্দোলন’ (Cockroach Movement) নিয়ে বক্তব্য রাখতে লন্ডন যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে বাধার মুখে পড়লেন ‘ককরোচ জনতা পার্টি’র (CJP) সহ-আহ্বায়ক সৌরভ দাস। সোমবার ভোররাতে লন্ডনগামী বিমানে ওঠার আগে দিল্লি বিমানবন্দরের অভিবাসন দপ্তরে তাকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। এই ঘটনার জন্য সরাসরি নরেন্দ্র মোদী সরকারকে দায়ী করেছেন সৌরভ।
সামাজিকমাধ্যম এক্সে একাধিক পোস্ট করে সৌরভ দাস অভিযোগ করেন, রাত ১টার লন্ডনগামী বিমানে ওঠার জন্য বিমানবন্দরে পৌঁছেছিলেন তিনি। কিন্তু অভিবাসন পরীক্ষার সময় তাকে জানানো হয়, তার পাসপোর্টের বিরুদ্ধে সতর্কতামূলক চিহ্ন রয়েছে। ফলে তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি।
সৌরভের দাবি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের আমন্ত্রণে একটি প্যানেল আলোচনায় অংশ নিতে লন্ডন যাচ্ছিলেন তিনি। শুধু অক্সফোর্ড নয়, কেমব্রিজ, লন্ডন স্কুল অফ ইকনমিক্স (LSE) এবং এডিনবরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
এক্সে সৌরভ লেখেন, ‘কাপুরুষ মোদী সরকার দিল্লি বিমানবন্দরে আমাকে লন্ডন যেতে বাধা দিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।’ তার অভিযোগ, ভারতীয় ছাত্রছাত্রীরা বহু পরিশ্রম করে এই আলোচনাসভার আয়োজন করেছিলেন। কিন্তু সরকারের ‘বুদ্ধিবৃত্তিক আলোচনার প্রতি ভয়’ থেকেই তাকে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে।
কেন একজন যুবক বিদেশের মানুষের সঙ্গে মতবিনিময় করতে গেলে সরকার এতটা উদ্বিগ্ন হয়ে পড়ছে, সেই প্রশ্নও তুলেছেন সৌরভ। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি যদি নীরব মোদী বা বিজয় মালিয়ার মতো হতাম! যদি হাজার হাজার কোটি টাকা ব্যাঙ্ক থেকে লুট করতে পারতাম!’
মোদী সরকারকে কটাক্ষ করে তিনি আরও বলেন, মন্ত্রীরা পদত্যাগ করতে রাজি না হওয়ায় সরকার মন্ত্রিসভার সম্প্রসারণও করতে পারছে না।
অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তার অভিযোগ, ক্ষমতাসীন কোনও ব্যক্তি সৌরভের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ পাওয়ায় ঈর্ষান্বিত হয়ে এই বাধা তৈরি করেছেন। এক্সে তিনি লেখেন, ‘সৌরভকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি সম্মেলনে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু মনে হচ্ছে, ক্ষমতায় থাকা কোনও ব্যক্তি সৌরভের এই আমন্ত্রণে ঈর্ষান্বিত।’
সৌরভের বিদেশযাত্রায় বাধা দেওয়ার ঘটনাকে স্বাধীন মতপ্রকাশকারী কণ্ঠস্বরকে দমিয়ে রাখার চেষ্টা বলে অভিযোগ করেছে ককরোচ জনতা পার্টি।
তবে এই ঘটনায় থেমে থাকতে নারাজ সৌরভ দাস। তার বক্তব্য, এই বাধা তাকে দমাতে পারবে না। ভবিষ্যতে লন্ডন, প্যারিস-সহ বিশ্বের বিভিন্ন জায়গায় যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
উল্লেখ্য, ‘ককরোচ আন্দোলন’ নিয়ে আন্তর্জাতিক শিক্ষামহলে আলোচনা এবং অক্সফোর্ডে বক্তব্য রাখার আমন্ত্রণ ঘিরে তৈরি হওয়া এই বিতর্কে নতুন করে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সিজেপি। যদিও সৌরভের পাসপোর্টে কী ধরনের আপত্তি বা সতর্কতা জারি ছিল, কেন তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি, সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
CJP
অক্সফোর্ডে বক্তৃতা দিতে যাওয়ার পথে বাধা, দিল্লি বিমানবন্দরে আটকানো হল ‘ককরোচ জনতা পার্টি’র নেতা সৌরভ দাসকে
×
Comments :0