Parliament Session M A BABY

সংসদ অধিবেশন ঝুলিয়ে রেখে জবাবদিহি এড়াতে পারবে না সরকার, বললেন বেবি

জাতীয়

সংসদের বর্ষাকালীন অধিবেশনের সমাপ্তি ঘোষণায় নজিরবিহীন বিলম্ব কেন, মঙ্গলবার এই প্রশ্ন তুলেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। সেইসঙ্গে, কেন্দ্রীয় সরকারকে সংসদীয় গণতন্ত্র অনুযায়ী সর্বদলীয় বৈঠক ডেকে কারণ জানানোর দাবিও তুলেছেন তিনি। 
বেবি বলেছেন, সংসদ না ডেকে জনগণের কাছে জবাবদিহি করার দায় অনির্দিষ্টকাল এড়াতে পারবে না সরকার। জনগণই তাদের জবাব দিতে বাধ্য করবেন। 
উল্লেখ্য, সংসদের বাদল অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি হওয়ার পর ১০০ দিনের বেশি কেটে গিয়েছে। কিন্তু রাষ্ট্রপতিকে দিয়ে সমাপ্তি ঘোষণা করায়নি কেন্দ্রের বিজেপি সরকার। গত ১৩ আগস্ট অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয় সংসদের অধিবেশন।
মঙ্গলবার, ২৪ নভেম্বর, এই বেবি বলেন, সংসদের বর্ষাকালীন অধিবেশন সমাপ্ত না করা এক নজিরবিহীন ঘটনা। সংসদের অধিবেশন সমাপ্ত ঘোষণা করানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারেরই। তবে, সাধারণত অধিবেশন মুলতবি হওয়ার এক সপ্তাহের মধ্যেই তা সমাপ্ত করা হয়। সরকার সমাপ্তির তারিখ রাষ্ট্রপতিকে জানায় এবং রাষ্ট্রপতি সেই অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করেন।
অতীতে দু-একবার এমন হয়েছে যে, সংসদ অনির্দিষ্টকালের জন্য মুলতবি হওয়ার পরপরই তা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হয়নি, বরং কিছু বিরতির পর সেই অধিবেশনই আবার চালু হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সংসদ অনির্দিষ্টকালের জন্য মুলতবি হওয়ার পর ১০০ দিনেরও বেশি সময় পেরিয়ে গেছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী, আগামী সপ্তাহে শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা ছিল এবং এতদিনে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার কথা ছিল। আদৌ কোনও  শীতকালীন অধিবেশন হবে কি না, তা দেশবাসী জানেই না। 
তিনি আরও বলেন, বর্ষাকালীন অধিবেশনের সমাপ্তি ঘোষণা না করেই যদি এখন অধিবেশন ডাকা হয়, তবে তা বর্ষাকালীন অধিবেশনেরই ধারাবাহিকতা হিসেবে গণ্য হবে।
নিয়ম অনুযায়ী, অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা না হলে কেবল স্পিকারই তা আহ্বান করতে পারেন, এক্ষেত্রে রাষ্ট্রপতিরও কোনও ভূমিকা থাকে না। এর ফলে স্পিকার খুব অল্প সময়ের নোটিশে অধিবেশন ডাকতে পারেন। যার ফলে, সংসদের সদস্যদের প্রশ্ন জমা দেওয়ার মতো পর্যাপ্ত সময় থাকবে না। সাধারণত, অধিবেশন আহ্বানের তারিখ থেকে তা শুরুর দিন পর্যন্ত ১৫ দিন নোটিশ দেওয়ার সময় থাকে। সম্ভবত, বিজেপি সরকার সংসদে কোনও প্রশ্ন-উত্তর পর্ব বা 'কোয়েশ্চেন আওয়ার' রাখতে চায় না অথবা তাঁরা এই বিষয়টিকে এড়িয়ে চলতে চায়।
অস্বাভাবিক দীর্ঘ সময় ধরে অধিবেশনটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা না করায় গণতান্ত্রিক রীতি অনুযায়ী সব দলের নেতাদের নিয়ে একটি সর্বদলীয় বৈঠক ডাকা উচিত বলেও দাবি জানান তিনি।  সেইসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপিকে নিয়ন্ত্রণকারী মোহন ভাগবতের আরএসএস  কেউই গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই,  সুস্থ গণতান্ত্রিক রীতিনীতি তাদের এবং তাদের দলের কাছে সম্পূর্ণ অপরিচিত লাগছে।
তবে, তারা যেন ভুলে না যান যে, শেষ পর্যন্ত এই দেশের জনগণের কাছেই তাদের জবাবদিহি করতে হবে। শেষ পর্যন্ত, জনগণই তাদের জবাবদিহি করতে বাধ্য করবে |

Comments :0

Login to leave a comment