শান্তনু চক্রবর্তী
২০২০ সালের সেপ্টেম্বরে ওয়াশিংটন ডিসি-তে ভারতীয় অভিবাসীদের আয়োজিত একটি সভায় আমন্ত্রিত বক্তা হিসাবে অধ্যাপক ইরফান হাবিব একটি মারাত্মক মন্তব্য করেছিলেন। ভারতে ইতিহাসের চর্চা কথা ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘‘ভারতীয় সংবিধান, আমাদের মিশ্র সংস্কৃতির বিন্যাসকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। এই মুহূর্তে আমাদের দেশে এটা প্রায় একটা নিষিদ্ধ শব্দ হয়ে দাঁড়িয়েছে। আর সাম্প্রদায়িকতা হয়ে উঠেছে কমবেশি সরকারি মতাদর্শ।’’ ওই বক্তৃতারই শেষের দিকে তিনি ভারত ও পাকিস্তান সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন, অন্তত ভারতের সাম্রাজ্যবাদ-বিরোধী জাতীয় আন্দোলনের অবমূল্যায়ন করাটা এখন দুটো সরকারেরই নীতি হয়ে দাঁড়িয়েছে। ওই ২০২০-তেই তাঁর আশঙ্কা ছিল, ‘‘ভবিষ্যতে সরকারি চাকরি ও অন্যান্য পরীক্ষার পাঠক্রম থেকে জাতীয় আন্দোলনের ইতিহাস বাদ যাবে।’’ যে আন্দোলনে বিজেপি’র পূর্বজদের কোনও ভূমিকা বা অংশগ্রহণ ছিল না— বরং ব্রিটিশ-রাজের সঙ্গে সহযোগিতা, সমর্থন, আনুগত্য আর স্বাধীনতা, সংগ্রামের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার নথিবদ্ধ প্রমাণ আছে-সেই আন্দোলনের ইতিহাস সম্পর্কে তাদের বিশেষ মাথাব্যথা থাকবে না। সেটাই প্রত্যাশিত। এখন এই মুহূর্তে জাতীয় আন্দোলনের ইতিহাসকে পাঠক্রম থেকে পুরো বাদ দেওয়াটা হয়তো শাসকদল বা তার রাষ্ট্রবাদী রাজনীতির পক্ষে খুব সুবিধাজনক নয়। বিরূপ প্রতিক্রিয়ার ভয়ও আছে। তার বদলে এই আন্দোলনের ইতিহাসকে সুকৌশলে দখল ও বিকল করার একটা প্রক্রিয়া চলছে।
অধ্যাপক হাবিব তাঁর ছ’বছর আগেকার ভাষণেই সে সবের কিছু কিছু উদাহরণ দিয়েছিলেন। যেমন সাত দশকের বেশি সময় ধরেই ইতিহাসের পাঠ্য বইকে মহীশূর-কর্নাটকের টিপু সুলতানকে ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে স্বদেশি প্রতিরোধের এবং একজন লড়াকু যোদ্ধা হিসাবেই গণ্য করা হয়েছে। অবশ্যই তিনি বিশ শতকের কোনও জাতীয়তাবাদী বিপ্লবী ছিলেন না। অষ্টাদশ শতাব্দীর শেষপ্রান্তে একজন সামন্ততান্ত্রিক আঞ্চলিক শাসকই ছিলেন। সপ্তদশ শতাব্দীর মহারাষ্ট্রের শিবাজী মহারাজের মতই। কিন্তু টিপু তাঁর রাজনৈতিক বাস্তববোধ দিয়ে ভারতবর্ষে ইংরেজ সাম্রাজ্যের বিপদ বুঝতে পেরেছিলেন ও সাধ্যমত প্রতিরোধের চেষ্টা করেছিলেন। তবু এনসিইআরটি’র নতুন ইতিহাসের বইতে টিপু সুলতানদের জায়গা হয় না একেবারেই সাম্প্রদায়িক কারণে। একই কারণে স্বাধীনতা সংগ্রামে শহীদদের সাম্প্রতিকতম সরকারি তালিকা থেকে বাদ পড়ে যান মালাবার উপকূলের মোপলা কৃষক বিদ্রোহীরা। সেই সঙ্গেই ইতিহাসের পাতা থেকে মুছে যায় ‘ওয়াগন ট্র্যাজেডি’র মতো ঔপনিবেশিক শাসকের অন্যতম পাপ, অপরাধের খতিয়ানও। আর ইতিহাস মুছে ফেলার এই ‘ঐতিহাসিক’ কাজটি সম্পাদিত হয় আইসিএইচআর বা ইন্ডিয়ান কাউন্সিল ফর হিস্টরিক্যাল রিসার্চ-এর মতো ইতিহাস গবেষণা সংস্থার হাত দিয়েই। ঘটনাচক্রে ইরফান হাবিব একদা যে সংস্থার মুখ্য পদে ছিলেন।
ওয়াশিংটনের অভিবাসীদের সামনে তিনি যখন এই কথাগুলো বলছিলেন তাঁর গলায় ক্ষোভ, লজ্জার পাশাপাশি ছিল এক গভীর বেদনাবোধ। তিনি অনুভব করতে পারছিলেন, প্রায় সাত দশক ধরে তিনি ও তাঁর সহকর্মী-সমমর্মী অন্য ঐতিহাসিকেরা যে তথ্য ও যুক্তিনির্ভর, বিজ্ঞানসম্মত, মেথডভিত্তিক ইতিহাসচর্চা করে এসেছেন, একটা স্পষ্ট-সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ইতিহাস ব্যাখ্যান, তথ্য-প্রমাণের বদলে প্রচলিত জনশ্রুতি, লোক-বিশ্বাস আর নির্বাচিত অর্ধসত্য দিয়ে তাকে প্রতিস্থাপিত করতে চাইছে। এই নতুন ইতিহাস অনেকটা বলিউডি সিনেমার চিত্রনাট্যের মতই কিছু ইচ্ছাপূরণের বৃত্তান্ত। সংখ্যাগরিষ্ঠতাবাদী এই ‘গ্র্যান্ড ন্যারেটিভ’এ বিশ্লেষণের বদলে ‘ধারণা’ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই তথাকথিত ‘জনপ্রিয়’ ইতিহাস গ্রন্থনায় ‘সত্য কী এবং কেন’ সেটা জানার আগেই সত্য কেমন হওয়া উচিত সেটা ভেবে নেওয়া হয়। আর এই ধারণা’ আর ‘ভাবনা’র ভিত্তিতেই ভারতের ‘সংশোধিত’, ‘পরিমার্জিত’ ও ‘পরিশোধিত’ ইতিহাস নির্মিত হবে। সেখানে উদার বামমনস্ক বা মার্কসবাদী ধর্মনিরপেক্ষ ইতিহাস-চিন্তার কোনও কলুষ থাকবে না। মানে আজকের পরিবর্তিত পশ্চিমবঙ্গে অধিকারীতন্ত্রের প্রিয়তম শব্দবন্ধ-মাফিক বলা যায় ‘সেকু-মাকু’ ছোঁয়াচ মুক্তি শুদ্ধ-সনাতনী ইতিহাস রচিত হবে।
ইতিহাসের এই শুদ্ধিকরণ বা স্যানিটাইজেশন’এর প্রক্রিয়াতেই ব্রিটিশ-বিরোধী সংগ্রামে তথাকথিত ‘ইসলামি মৌলবাদী’, ‘হিন্দু-বিদ্বেষী’ টিপু সুলতান সরকারি পাঠ্যপুস্তকে ব্রাত্য হন। একইভাবেই মোপলা কৃষক-বিদ্রোহীদের বিরুদ্ধেও সাম্প্রদায়িক ধর্মান্ধতার অভিযোগ তুলে তাঁদের শহীদের মর্যাদা কেড়ে নেওয়া হয়। আসলে সংখ্যাগরিষ্ঠতাবাদীদের এই আধিপত্যমূলক ইতিহাসের ‘সত্য’ শুধু দু’রকম— সাদা আর কালো। সত্যিকারের ইতিহাস সন্ধানের বেশ কিছু ধূসর এলাকা থেকে যায়। সেখানে সত্যেরও অনেকগুলো পরত থাকে। ঐতিহাসিকরা সেই সবকটা স্তরই পরখ করে দেখতে হয়। কেএম পানিক্কর, বিপিন চন্দ্রের মতো ইতিহাসবিদরা সেভাবেই মোপলা কৃষক বিদ্রোহকে দেখেছেন। সেখানেই আমরা দেখছি, মালাবার উপকূলের এই বিদ্রোহী কৃষকদের লড়াইটা একই সঙ্গে যেমন ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে ছিল, তেমনই স্থানীয় জমিদার-ভূস্বামীদের শোষণ-বঞ্চনার বিরুদ্ধেও ছিল। বলতে গেলে ব্রিটিশ শাসকের ভূমি-রাজস্ব ব্যবস্থার প্রতিনিধি হিসাবেই এই জমিদাররা নানা জোর-জুলুম করে কৃষদের কাছ থেকে খাজনা আদায় করত। ফলে ব্রিদ্রোহী কৃষকদের ক্ষোভ-ক্রোধ একই সঙ্গে তাদের বিরুদ্ধেও চালিত হয়েছিল। এবারে আর্থ-সামাজিক কারণেই জমির মালিকরা প্রায় সবাই উচ্চবর্ণের হিন্দু আর গরিব কৃষকেরা ইসলাম ধর্মাবলম্বী। ফলে শ্রেণি-সংঘাতের সাম্প্রদায়িক রং লেগে যাওয়াটা সহজ ছিল। স্থানীয় পর্যায়ে কোথাও কোথাও কৃষকদের তরফে অবশ্যই হিংসার বাড়াবাড়ি ঘটেছিল। বিশেষ করে ব্রিটিশ পুলিশ-প্রশাসনের তীব্র সন্ত্রাস ও দমন প্রক্রিয়ায় বিদ্রোহের প্রধান সংগঠকদের অধিকাংশই নিহত বা গ্রেপ্তার হওয়ার ফলে নেতৃত্বের একটা সঙ্কট ঘটে। আর সেই কারণেই বিদ্রোহের শেষ পর্বে দিশাহীন কৃষক-জনতার আবেগ, অনেক সময় অবাঞ্ছিত সাম্প্রদায়িক ও সংঘর্ষের চেহারা নিয়েছিল। নিরপেক্ষ, অবজেকটিভ, ইতিহাস রচনার পদ্ধতি একটি ঐতিহাসিক ঘটনাকে এভাবেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করে। বাতাসহীন, রেলওয়ে ওয়াগনের অন্ধকূপে ঠাসাঠাসি বন্দি অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে নিহত কৃষক-বিদ্রোহীদের শহীদের সম্মান কেড়ে নিয়ে, নির্মম বিদেশি শাসকের ঔপনিবেশিক পাপকে পরোক্ষে বৈধতা দেয় না।
আসলে জাতীয় মুক্তি সংগ্রামের পুরোটা সময়জুড়ে সঙ্ঘ-পরিবারের নিজেদের কোনও ভূমিকা বা অবদান যেহেতু ছিল না, তাই এই সময় দাঁড়িয়ে, ভাগ্যের আলোয় আলোকিত হয়ে নিজেদের আপস, নিষ্ক্রিয়তা আত্মসমর্পণের ছায়াময় ইতিহাসকে আড়াল করতে চেয়েছে। সে জন্যেই তারা সাম্রাজ্যবাদ-বিরোধী মুক্তি আন্দোলনের আইকনদের আঁকড়ে ধরতে বা দখল করতে চেয়েছে। তাঁরা কখনো শহীদ ভগৎ সিং, কখনো নেতাজী সুভাষ কিংবা সর্দার প্যাটেল। নাস্তিক, মার্কসবাদ-প্রাণিত, লেনিনের রচনা থেকে বিপ্লবের পাঠ নেওয়া ভগৎ সিংকে হিন্দুত্ববাদের প্রকল্পে সাঁটানো অসম্ভব হলেও (একদা খালিস্তানি সন্ত্রাসবাদীরাও ভগৎ সিংয়ের শিখ আত্মপরিচয়কে ব্যবহারের চেষ্টা করেও হাল ছেড়ে দিয়েছিল!) চেষ্টাটা থেকেছে। কংগ্রেসের হিন্দু জাতীয়তাবাদী চরমপন্থী নেতা লালা লাজপৎ রায়ের সঙ্গে তাঁর ঘনিষ্টতার সূত্র ধরে তাঁকেও হিন্দু মহাসভা-আরএসএস মতাদর্শের শরিক প্রমাণের খুচরো প্রয়াস এখানো মাঝেমধ্যেই দেখা যায়। ফাঁসির আগের রাতে নির্জন কুঠরিতে ক্লারা জেটকিনের ‘‘রেমিনিসেন্সেস অফ লেনিন’ যে তাঁর সঙ্গী ছিল বা জেলখানায় ভগৎ সিংয়ের সংগৃহীত বইয়ের তালিকায় লেনিনের ‘রাষ্ট্র ও বিপ্লব’-এর অনেকগুলো পাতায় যে মনোযোগী পাঠকের পেন্সিলের দাগ ছিল— এই তথ্যগুলো এড়িয়ে যাওয়া হয়।
আসলে সঙ্ঘ-তন্ত্র তো ইতিহাসকে সত্য-সন্ধানের বদলে প্রকল্প-নির্মাণ হিসাবেই দেখে। তাই হিন্দু মহাসভা ও তার বঙ্গনেতা শ্যামাপ্রসাদের রাজনীতি সম্পর্কে সুভাষচন্দ্রের চরম বিরক্তি ও বিরোধিতাকে চেপে গিয়ে, স্বামী বিবেকানন্দ ও অধ্যাত্মবাদের প্রতি তাঁর ব্যক্তিগত আকর্ষণের কথাই বারবার সামনে আনা হয়। কিন্তু তিনি যে ভবিষ্যতের স্বাধীন ভারতের জন্য সমাজতান্ত্রিক ধাঁচে পরিকল্পিত অর্থনীতির কথাই ভেবেছিলেন বা আজাদ হিন্দ ফৌজের মতই সে দেশকে ধর্মনিরপেক্ষ সার্বভৌম রাষ্ট্র হিসাবেই কল্পনা করেছিলেন, সেই বিষয়গুলোকে নেতাজীর বিরুদ্ধে গান্ধী-নেহরু কংগ্রেসের ষড়যন্ত্র তত্ত্বের ভেতর গুলিয়ে দেওয়া হয়। একইভাবেই নেহরুর সোভিয়েত-ঘেঁষা, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজবাদের উল্টোদিকে কড়া রাষ্ট্রবাদের ‘পোস্টার বয়’ হিসাবে যে লৌহমানবের বিশাল মূর্তি চীন থেকে আমদানি করা হয়েছিল, সেই সর্দার প্যাটেলও সংখ্যাগুরুর ধর্মীয় রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। গান্ধী-হত্যার পক্ষে আরএসএস-কেই নিষিদ্ধ করেছিলেন।
সঙ্ঘ-পারিবারিক ইতিহাস-চর্চা তবু স্বাধীনতা আন্দোলনের নায়কদের মধ্যে থেকেই তথাকথিত ‘হিন্দুমুখ’-কে নিজেদের জাতীয়তাবাদী মুখোশ বানানোর নাছোড় চেষ্টাটা চালিয়েই যায়। ‘হিন্দুত্ব-ব্রিগেড’ নিজেরা অংশ নেয়নি বলে, নানাভাবে গোটা জাতীয় আন্দোলনকেই শুধু হিন্দুদের আন্দোলন বলে প্রচার করতে চায়। মুসলিমদের বিশ্বাসঘাতক হিসাবে দেখানো হয়। তাতে হয়তো নিজেদের অপরাধবোধ কিছুটা কমে, কিন্তু ইতিহাসের বিকৃতি ঘটে। ইরফান হাবিব তাঁর ২০২০-র ওই ভাষণেই দেখিয়েছিলেন, হিন্দুত্ববাদী ইতিহাসের পরিপূরক হিসাবেই পাকিস্তানি ঐতিহাসিকরা কিভাবে আবার মুসলিমদের ‘হিন্দুমুক্ত’ ঔপনিবেশিকতা বিরোধিতার স্বতন্ত্র ভাষ্য রচনা করেন। যেটাও একইরকম অনৈতিহাসিক। সীমান্তের দু’পারেই এই বিকৃত বা খণ্ড, অসম্পূর্ণ ইতিহাস নির্মাণের প্রেক্ষিতে অধ্যাপক হাবিবের সহজ, তীক্ষ্ম, স্পষ্ট মন্তব্য, ‘‘আমাদের জাতীয় আন্দোলন সর্বার্থেই ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি যুক্তফ্রন্ট। আধুনিক ভারতের ইতিহাস আলোচনার সময় এটা মনে রাখতে হবে। পাশাপাশি এই উপমহাদেশের মুসলিম জনসাধারণের একটা বড় অংশ কেন এই আন্দোলন থেকে বিচ্ছিন্ন থাকলেন, সেটাও ঐতিহাসিক গবেষণার বিষয় হওয়া উচিত।’’
আসলে এটাই ইতিহাস-চর্চার মান্য পদ্ধতি। এই সর্বাত্মক দৃষ্টিকোণ থেকে ইতিহাসের বিচার। ইতিহাসবিদদের তাই সবসময় সতর্ক ও সন্দিহান থাকা দরকার। এমন কী নিজেদের সম্পর্কেও। নিজের নিজের পক্ষপাত সম্পর্কেও ২০২৫ সালে দেওয়া তাঁর একটি বক্তৃতায় সাম্প্রতিক সংকলন ‘দ্য প্রেজেন্ট কলোনাইজেস দ্য পাস্ট’-এ তো সেটাই বলেছেন রোমিলা থাপার। তিনি পরিষ্কার বলেছেন, ‘‘সেরা ঐতিহাসিকেরা যখন অতীতের কোনও ব্যাখ্যান দেবেন বা বিশ্লেষণ করবেন, তখন নিজেদের পক্ষপাত ও (মতাদর্শগত) প্রভাব সম্পর্কে তাঁদের সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে।’’ কেন না, ‘‘হোয়েন ন্যারেটিভস অফ দ্য পাস্ট, ড্রিভেন বাই দ্য বায়াসেস বিকাম ফ্যান্টাসি’’ তাই রোমিলা থাপার, ইরফান হাবিব বা সুমিত সরকারের মতো ইতিহাসবিদরা যখন অতীতের ভাষ্য রচনা করেন, তার ব্যাখ্যা দেন, সেটা প্রাচীন ইতিহাস হোক বা মধ্যযুগে কিংবা আধুনিক ভারত— তাঁরা তথ্যের প্রামাণ্যতার ওপর জোর দেন। বারবার সেটা যাচাই করেন। উলটোদিকে সঙ্ঘপন্থীদের ইতিহাস-ভাষ্য প্রায়ই— প্রমাণের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রবাদী, সনাতনী রূপকথার দুনিয়ায় উড়ান দেয়। সেখানে ‘সংস্কৃতভাষী’, ‘ভারতবর্ষীয়’ আর্যরা সরস্বতী নদীর তীরে দিব্যি সিন্ধু-সভ্যতার পত্তন করেন। হলদিঘাটের যুদ্ধে দেশপ্রেমিক মহারানা প্রতাপের পরাক্রমে ঘৃণ্য-হানাদার আকবরের পরাজয় হয়।
প্রামাণ্য উপাদানভিত্তিক বিজ্ঞানমনস্ক, যুক্তিনির্ভর ইতিহাসচর্চা জনপ্রিয় ইতিহাসের নামে কল্পকাহিনি এইসব ডানা মেলায় বাধা দেয় বলেই সঙ্ঘপন্থী সাংবাদিকের কলমে রোমিলা থাপার, ইরফান হাবিবরা হয়ে যান ‘ইন্ডিয়ান রোগ হিস্টরিয়ানস।’ আর তাঁদের মতোই মুক্তবুদ্ধির অন্যান্য তথাকথিত’ ইতিহাস চিন্তকরা কী ফন্দিফিকির কায়দা-কানুন করে সুকুমারমতি ছাত্র-ছাত্রী ও সকল দেশবাসীকে বহুকাল ধরে ধোঁকা দিয়ে এসেছেন। কবেই তার পর্দা ফাঁস করেছেন সঙ্ঘ পরিবারের ঘনিষ্ঠ সাংবাদিক-রাজনীতিবিদ অরুণ শৌরি। তাঁর বইয়ের নাম ‘এমিনেন্ট হিস্টরিয়ানস: দেয়ার টেকনোলজি, দেয়ার লাইন, দেয়ার ফ্রড।’ দেশের স্বীকৃত, প্রতিষ্ঠিত, বিখ্যাত কিন্তু ‘দুর্বৃত্ত’ (আরএসএস-র মুখপাত্র ‘অর্গানাইজার’-এর ডিজিটাল সংস্করণে পডকাস্ট-এর বিশেষণমাফিক ‘বদমাশ’) ইতিহাসকারদের কীর্তি-কাহিনি নিয়ে লেখা দুটি বইয়ের প্রকাশকালের ব্যবধান দু’দশক হলেও দুটি বইয়ের প্রচ্ছদ ও নামলিপিতে কাস্তে-হাতুড়ি চিহ্নটা কিন্তু স্পষ্ট। যে মুক্তচিন্তক, ইতিহাসবিদ্যার মান্য পদ্ধতি অনুসরণকারী ঐতিহাসিকরা এই দুই বইয়ের মূল প্রতিপক্ষ, তাঁরা সবাই কিন্তু মার্কসবাদী, এমনকি বামপন্থীও নন। আবার বামপন্থী ইতিহাসবিদদেরও সবার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা অবস্থান এক নয়। ভাবনার এই বহুত্ববাদী, গণতান্ত্রিক ভিতের ওপর দাঁড়িয়েই তাঁরা একটা জায়গায় একমত। বর্তমানের সাম্প্রদায়িক রাজনীতির চশমা পরে ঐতিহাসিক অতীতের বিচারটা অন্যায্য, অবৈজ্ঞানিক, অনৈতিক। আর দু’দশকের ব্যবধানে সঙ্ঘবাদী চিন্তাধারার একইরকম প্রতিক্রিয়া প্রমাণ করল। যে কোনও উদার, যুক্তিবাদী, বৌদ্ধিক-চর্চার ক্ষেত্রকেই তারা আসলে কাস্তে-হাতুড়ি মতাদর্শের সম্প্রসারণ ভেবে নেয় এবং ভয় পায়। আজও।
Comments :0