গল্প
মুক্তধারা
-------------------------------
অধিকার
-------------------------------
রাহুল চট্টোপাধ্যায়
রকিবুল দেশ ছেড়েছিল। সে ছিল সেই পঞ্চাশ সালের কথা। একদিন রাতে যা কিছু সম্বল ছিল তা নিয়ে বেরিয়ে পড়েছিল বৌটাকে সঙ্গে নিয়ে। কতো রাস্তা হেঁটে পৌঁছেছিল এ বাংলায়। ভিটে মাটি ঘর ফেলে আসতে বড্ডো মায়া হয়েছিল। চোখের জলে ভিজে গিয়েছিল বৌয়ের আঁচলখানা।
তারপর কতো রাত রেল ইস্টিশানে,কতো রাত ইস্কুল বাড়ির বারান্দায় কেটে গিয়েছে। সে কেবল একা নয়, অনেক মানুষ, অনেক অনেক মানুষ ঘেঁষাঘেঁষি করে দিনরাত পড়ে থেকেছে না খেয়ে এক জামাকাপড়ে।তারপর সবাই মিলে গড়ে তুলতে পেরেছিল কলোনি। কলোনি হয়ে উঠেছিল তাদের গ্ৰাম।এক নতুন বাংলা।
আজ বুড়ো রকিবুলের মনে পড়ে সেই কলোনির ঘরছাড়া মানুষের লড়াইয়ের কথা। ভাবতে ভাবতে কখনো চোখে জল ভরে আসে কখনো আগুন ধরে। বুড়ি রাবেয়াকে ডেকে বলে-'হ্যাঁ বৌঁ মনে আসে সেসব দিনের কথা?'
রাবেয়া ঘাড় নাড়ে কাঁপা কাঁপা গলায় বলে- 'মনে আছে গো,ভোলা যায়?'
কথা বলতে বলতে রাবেয়া অন্যমনস্ক হয়ে যায়, দূরে তাকিয়ে বলে-'শুনত্যাসি আবার না কি ঘরছাড়া করার কথা কারা সব বলসে।'
রকিবুল বৌয়ের দিকে তাকিয়ে বলে-'ভয় পাস না, যাব না,এ আমাদের বাংলা, কাউরে কাড়তে দোব লাইক,একজোট হবে,লড়ব'
রাবেয়া রকিবুলের দিকে তাকিয়ে পুরনো লড়াইয়ের কথা ভাবতে থাকে।
-------------
Comments :0