Rain Forecast During Festival

উৎসবের শুরুর দু’দিন বৃষ্টির সম্ভাবনা, বাকি পুজো কাটবে নির্বিঘ্নেই, জানালো হাওয়া অফিস

রাজ্য জেলা

গোটা দেশ থেকেই বিদায় ঘটেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ের কিছু পরে বিদায় হলেও বাংলায় বৃষ্টি থাকছে আরও অন্তত দু’দিন। শারদ উৎসবের সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। হাওয়া অফিস থেকে শারদ উৎসবের বিশেষ আবহাওয়া পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার। 
সেই পূর্বাভাসে বলা হয়েছে দুর্গোৎসবের সময় কোনও নিম্নচাপের সম্ভাবনা নেই। প্রথম সপ্তমীর পর থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণও কমবে। অর্থাৎ রাজ্যের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে উৎসবের দিনগুলিতে।  
দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ১৫ তারিখ অর্থাৎ পঞ্চমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ষষ্ঠীর দিন অর্থাৎ ১৬ তারিখ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কয়েক পশলা বৃষ্টি হবে। প্রথম সপ্তমী অর্থাৎ ১৭ তারিখ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এদিন বিকেলের পর থেকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। 
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা গুলিতে পঞ্চমী ও ষষ্ঠী কয়েক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার বিকেলের পর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার ও শনিবার মূলত মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কলকাতায়। রবিবার থেকে বৃষ্টির কোন পূর্বাভাস নেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। 
দক্ষিণবঙ্গের পাশাপাশি বর্ষা বিদায়ের পর উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ১৬ তারিখ অর্থাৎ ষষ্ঠী থেকে দ্বিতীয় সপ্তমী অর্থাৎ রবিবার পর্যন্ত দার্জিলিঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিংপঙ এই জেলাগুলিতে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। ১৯ তারিখ অর্থাৎ অষ্টমী থেকে উত্তরবঙ্গের জন্য আর কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।  

Comments :0

Login to leave a comment