AKVAN

গোপালপুরের কাছে কাল দুপুরে আছড়ে পড়বে ‘আকভান’, দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি

জাতীয় রাজ্য

গুরুতর ঘূর্ণিঝড় ‘আকভান’ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তরের দিকে ঘন্টায় ১৩ কিলোমিটার গতিতে এগচ্ছে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে ২০ নভেম্বর দুপুরের মধ্যে এই ঘূর্ণিঝড় উত্তর অন্ধ্র প্রদেশ এবং গোপালপুরের কাছে দক্ষিণ ওড়িশা উপকূল এলাকা অতিক্রম করবে। সে সময়ে এই ঝড়ের গতিবেগ ৯০-১০০ কিলোমিটার হবে ঘন্টায়। ইস্ট কোস্ট রেলওয়ে বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ৩৯টি ট্রেন বাতিল করেছে। অন্ধ্র প্রদেশ এবং ওড়িশার উপকূল অঞ্চলে কয়েক লক্ষ মানুষকে সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।  
‘আকভান’-এর পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়ছে। শুক্রবার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
আসন্ন ঘূর্ণিঝড় 'আকভান' এর বিপর্যয় থেকে যথাসম্ভব রক্ষা পেতে চন্দননগরের পরিবেশ আকাদেমি কয়েকটি সতর্কবার্তা প্রচার করছে। পরামর্শে বলা হয়েছে যে খাবার, জল, ওষুধ যতটা সম্ভব তুলে রাখা ভালো। অনেকটা সময় বিদ্যুৎ নাও থাকতে পারে। মোমবাতি সংগ্রহে রাখুন।
পরিবেশ আকাদেমির পক্ষে বিশ্বজিৎ মুখার্জি বলেছেন যে বাড়ির ট্যাঙ্কে, বালতিতে জল ধরে রাখুন। বলা হয়েছে, ঝড়ের সময়ে যাতায়াত বন্ধ রাখুন। ঝড়ের পর ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে হাত দেবেন না। মোবাইলে চার্জ দিয়ে রাখুন। গুজবে কান দেবেন না। গুজব ছড়াবেন না। সরকারি সতর্কবার্তা মেনে চলুন এবং সুরক্ষিত থাকুন।

Comments :0

Login to leave a comment