Sexual harassment of a Third Grade Student

তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার সহকারী শিক্ষক

জেলা

তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হলেন প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক। ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে উত্তেজনা ছড়ায় বাগনান থানা এলাকায়। অভিযুক্ত শিক্ষকের নাম শুভাঞ্জন মন্ডল। বৃহস্পতিবার ধৃতকে উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাঁকে চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক প্রায় ১০ বছর ধরে ওই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। অভিযোগ, কয়েকদিন ধরে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থা করছিলেন তিনি। এমনকী বিষয়টি বাড়িতে জানালে পরিণতি ভালো হবে না বলে ছাত্রীকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনার পর থেকে ছাত্রীটি বাড়িতে মনমরা হয়ে থাকছিল। মায়ের জিজ্ঞাসাবাদে শেষ পর্যন্ত সে গোটা বিষয়টি জানায়। অভিযোগ, বিদ্যালয়ের একটি বন্ধ ঘরে নিয়ে গিয়ে তাকে যৌন নির্যাতন করা হতো।
এরপর ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি এলাকার বাসিন্দাদের জানানো হয়। বুধবার বিকেলে অভিযুক্ত শিক্ষক যখন প্রাইভেট টিউশনি করছিলেন, সেই সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ছাত্রীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শুভাঞ্জন মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পকসো আইনে মামলা দায়ের করে ঘটনার তদন্ত চলছে।

Comments :0

Login to leave a comment