নিম্নচাপের প্রভাবে হুগলী জেলাজুড়ে অকাল বর্ষণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে কৃষি ফসল। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। প্রথমদিকে অল্প পরিমাণে শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে। সন্ধ্যা পর্যন্ত একইভাবে বৃষ্টি চলছে। এই বর্ষণে জেলার দুই প্রধান অর্থকরী ফসল ধান ও আলুর চাষ ক্ষতিগ্রস্ত হবে। অনেক জমিতে আমন ধান কাটা তোলার কাজ শুরু হয়েছিল। অধিকাংশ কাটা ধানের জমিতে জল দাঁড়িয়ে গেছে। অনেকে ধান জমিতে জড় করে বৃষ্টির হাত থেকে বাঁচাতে চেষ্টা করেছেন। নিম্নচাপের আগাম সতর্কবার্তা থাকায় কৃষকরা বেশিরভাগ জমির ধান কাটা হয়ে গিয়েছিলো। তা সত্ত্বেও পাকা ধানে জল পেলে বড় সমস্যা দেখা দেয়। ধান পড়ে গেলে মেশিন দিয়ে কাটা তোলার কাজ ব্যাহত হবে। এতে ধান কাটা তোলার কাজও পিছিয়ে যাবে। আর এই সকল জমির ধান কাটা তোলার কাজ শেষ করে পরবর্তী ফসল আলু বসানোর জমি তৈরি করেন কৃষকরা। হুগলী জেলার বিস্তীর্ণ কৃষি বলয়ে আলু চাষ হয়। এর ফলে জেলার প্রধান এই অর্থকরী ফসল চাষের জমি তৈরির কাজ অনেকটাই পিছিয়ে যাবে। ফলে আলু চাষ দেরি হয়ে যাবে। এতে ফলন মার খাবে। এই বৃষ্টির প্রকোপে ধান ও আলু চাষ দুইই ক্ষতিগ্রস্ত হবে। বলা যায়, পাকা ধানের মই দেওয়া অবস্থা। অসময়ের বৃষ্টিতে এখন কৃষকদের মাথায় হাত।
বহু কৃষক ইতিমধ্যেই আলু বীজ সংগ্রহ করে ফেলেছেন। বেশ কিছু জমিতে আলু বসানো শুরুও হয়েছে। সেগুলিও ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন কৃষকরা । এছাড়া ধান ,আলু ছাড়া কপি সহ বিভিন্ন সবজি ফসলের চাষ ক্ষতিগ্রস্ত হবে। সিঙ্গুর, হরিপাল, পোলবা, দাদপুর তারকেশ্বর, জাঙ্গিপাড়া, পুরশুড়া, হরিপাল, ধনিয়াখালি, আরামবাগ, খানাকুল, পান্ডুয়া ও বলাগড় সহ সর্বত্রই একই অবস্থা।
Comments :0