কলকাতা মেডিক্যাল কলেজে বুধবার রাতে এবিভিপির হামলার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্যভবন, বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জি। পাশাপাশি, এদিন এবিভিপিকে আড়াল করতে আক্রমণকারীদের 'মানসিক নকশালপন্থী ও মাওবাদী' বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী ।
বৃহস্পতিবার দুপুরে মেডিক্যাল কলেজের এমএসভিপি (মেডিক্যাল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল) ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ভবনের গ্রিন রুমে তাঁর সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে হাজির ছিলেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা (ডিএমই) ইন্দ্রজিৎ সাহা সহ স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। এরপর সাংবাদিক বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী।
এদিন স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য স্বাস্থ্য দফতরের তরফে একটি ‘এনকোয়ারি কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন দিবাকর হালদার, সুমন্ত হালদার এবং দীপঙ্কর রায়। পাশাপাশি, সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল)।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “গতকাল রাতে একটি তাণ্ডব চলেছে। একটি শো-কজ নোটিসকে কেন্দ্র করে ১০ থেকে ১৫ জন ছাত্র, যাঁরা মানসিক নকশালপন্থী ও মাওবাদী, তাঁরা অধ্যক্ষের অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। আমাদের কাছে পুরো সিসিটিভি ফুটেজ রয়েছে। দু’জন অধ্যাপককে মারধর করা হয়েছে, তার নথিপত্র এবং সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে। এঁরা মানসিক মাওবাদী, এঁদের ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছেছে যে শিক্ষকদের গায়ে হাত তুলছেন। কলেজে ১২৫০ জন ছাত্রছাত্রী রয়েছেন, কাল কি অতজনকে দেখা গিয়েছিল? যাঁরা ছিলেন, তাঁরা অতিবাম ও নকশালপন্থী সংগঠনের সঙ্গে জড়িত এবং রাজনৈতিক মদতপুষ্ট।”
উল্লেখ্য, চোরবাগান দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায় আহতদের বেসরকারি হাসপাতালে স্থানান্তরের রাজ্য সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন আট জুনিয়র চিকিৎসক। সেই কারণে তাদের শো-কজ নোটিশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। শো-কজ প্রত্যাহারের দাবিতে বুধবার অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের ঘেরাও করে ‘মেডিক্যাল স্টুডেন্টস কাউন্সিল’। ওই ঘেরাও কর্মসূচি চলাকালীনই আচমকাই মেডিক্যাল কলেজে ঢুকে হামলা চালান এবিভিপি (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ)-র রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য-সহ একদল কর্মী। ভারত মাতা জয় স্লোগান দিতে দিতে লাঠি বাঁশ নিয়ে চলে তান্ডব চালান একদল এবিভিপি সমর্থক। এই গোটা ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ।
Comments :0