অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা নিকিতা সাহা। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই চালানোর পর বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার-পরিজন ও পরিচিত মহলে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে কলকাতার বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নিকিতা। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়। কিন্তু এরপরই আচমকা শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিস্থিতি ক্রমশ সংকটজনক হয়ে ওঠায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছিল তাঁর চিকিৎসা। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তাঁর।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমা উদযাপন করতে দার্জিলিঙয়ের সিটংয়ে গিয়েছিলেন নিকিতা। সেখানকার একটি হোমস্টেতে রাতে বারবিকিউ করার সময় আচমকাই আগুন ছড়িয়ে পড়ে। সেই অগ্নিকাণ্ডে গুরুতরভাবে দগ্ধ হন তিনি। তাঁর শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। আনন্দের মধুচন্দ্রিমা মুহূর্তের মধ্যে পরিণত হয় ভয়াবহ দুর্ঘটনায়। দুর্ঘটনার পর প্রথমে তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কলকাতার বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হল না।
এদিকে, এই ঘটনায় হোমস্টে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। বারবিকিউ করার সময় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। নিকিতার জ্যাঠামশাই অনিমেষ কুমার সাহা জানান, হোমস্টের মালিকের বিরুদ্ধে তাঁরা অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারও করে। বর্তমানে বিষয়টি বিচারাধীন রয়েছে। নিকিতার মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁর পরিবার। মধুচন্দ্রিমায় বেড়াতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না আত্মীয়স্বজন ও পরিচিতরা।
Chopr Nikita Saha
হাসপাতালেই মৃত্যু দার্জিলিঙয়ে অগ্নিদগ্ধ নিকিতার
×
Comments :0