Alipurduar

পাঁচ বছরের শিশুকে খুনের অভিযোগ, গ্রেপ্তার ১৩ বছরের কিশোর

জেলা

১৩ বছরের কিশোরের হাতে খুন ৫ বছরের শিশু! নদীর ধারে মিলল দেহ। ঘটনায় চাঞ্চল্য আলিপুরদুয়ারের কুমারগ্রামে। পাঁচ বছরের এক শিশুকে ধারালো ভোজালি দিয়ে খুন করে রায়ডাক নদীর ধারের একটি লেবু বাগানে দেহ লুকিয়ে রাখার অভিযোগ। বুধবার বিকেলের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, খেলাকে কেন্দ্র করে মতবিরোধের জেরেই ওই শিশুকে খুন করেছে অভিযুক্ত কিশোর। যদিও খুনের কারণ নিয়ে সন্দিহান তদন্তকারীরাও।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বাড়ি না ফেরায় শিশুটির খোঁজ শুরু করেন তার মা। শেষবার তাকে অভিযুক্ত কিশোরের সঙ্গে দেখা গিয়েছিল। শিশুটির বিষয়ে জিজ্ঞাসা করা হলে কিছু জানে না বলে দাবি করে কিশোর। এদিকে, ছেলের খোঁজ করার সময় তার হাতে ধারালো ভোজালি দেখতে পান শিশুটির মা। রাত ৯টার পরেও শিশুর সন্ধান না মেলায় তিনি কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে গিয়ে বিষয়টি জানান।
ওই সূত্র ধরেই সন্দেহের ভিত্তিতে কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের দাবি, বুধবার গভীর রাতে জেরায় খুনের কথা স্বীকার করে সে। এরপর রায়ডাক নদীর ধারের লেবু বাগান থেকে শিশুটির রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, অভিযুক্ত কিশোর স্কুলছুট। তার মা অন্যত্র বিয়ে করে চলে গিয়েছেন এবং বাবা একটি মামলায় জেলবন্দি। মামার বাড়িতে থাকত সে। জেরায় আরও খুন করার ইচ্ছা প্রকাশ করেছে বলেও দাবি পুলিশের। অভিযুক্ত কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
জেলা পুলিশ সুপার অমিত কুমার শাহ জানিয়েছেন, অভিযুক্তের ব্রেন ম্যাপিং এবং মনোরোগ বিশেষজ্ঞের মাধ্যমে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে। আপাতত তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মনোরোগ বিশেষজ্ঞ নীলাদ্রি নাথও।

Comments :0

Login to leave a comment