Kerala Election Appeal

কেরালায় এলডিএফ-কে সরকারে ফেরানোর আহ্বান বিশিষ্টদের

জাতীয়

এলডিএফ’র ইশ্‌তেহার প্রকাশ অনুষ্ঠানে নেতৃবৃন্দ।

কেরালায় একমাত্র বাম গণতান্ত্রিক শক্তিকে জোরালো করেই সব সামাজিক শক্তির ঐক্য সম্ভব। সর্বাঙ্গীণ জনকল্যাণের মডেলকে নিয়ে এগনো সম্ভব।
কেরালার জনগণের কাছে এই মর্মে আবেদন জানিয়ে বিবৃতিতে সই অর্থনীতিবিদ অধ্যাপক প্রভাত পট্টনায়েক, ইতিহাসবিদ ইরফান হাবিব, অর্থনীতিবিদ সিপি চন্দ্রশেখর, উৎসা পট্টনায়েক। আবেদনে সই করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং গবেষক বিজয় প্রসাদ, সাংবাদিক এসকে পাণ্ডে সহ বিশিষ্টরা। 
বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রদায়িক-কর্পোরেট জোটকে হারিয়ে জনতার উন্নয়নের পথকে জোরালো করার পথ ফের বাম গণতান্ত্রিক ফ্রন্টকে পিরিয়ে আনা। 
গত দশ বছর কেরালায় আসীন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট বা এলডিএফ। 
বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রের সরকার জনতার জীবিকার ওপর মারাত্মক আঘাত নামিয়ে আনছে। শ্রমিক, কৃষক, ছোট ও মাঝারি উদ্যোগ, ছাত্র, মধ্যবিত্ত বা বিভিন্ন পেশায় যুক্ত মানুষ- কেউ বাদ নন। সাম্রাজ্যবাদের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করে নয়া উদারবাদী নীতি নিয়ে চলছে দেশের সরকার। 
বলা হয়েছে, দেশে অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য অশ্লীল মাত্রায় পৌঁছেছে। সাম্প্রদায়িক শক্তি অবিরত ঘৃণা এবং বিভাজনের প্রচার করে চলেছে। সংখ্যালঘু এবং সামাজিক বিচারে পিছিয়ে থাকা অংশ লাগাতর হেনস্তার শিকার হচ্ছে। জনতার সামাজিক ঐক্য বিঘ্নিত। 
বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যগুলির সাংবিধানিক অধিকার ছেঁটে ফেলতে সব রকমের কৌশলকে ব্যবহার করা হচ্ছে। সেই সময়েই কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যের মতো ন্যূনতম চাহিদা মেটানোর পরিকাঠামোকে শক্তিশালী করেছে। 
বিবৃতিতে বলা হয়েছে, কঠিন সময়েই বিকেন্দ্রীকরণ এবং পরিকল্পনার মাধ্যমে চরম দারিদ্রকে দূর করেছে কেরালা। কৃষকদের সর্বোচ্চ ফসলের মূল্য এবং শ্রমিকদের ন্যূনতম মজুরিকে সর্বোচ্চ স্তরে নিয়ে গিয়েছে। 
বিশিষ্টরা বলেছেন, বিজেপি-আরএসএস পরিচালিত কেন্দ্রের সরকারের কর্পোরেট বোঝাপড়া এবং সাম্প্রদায়িক ঘৃণার রাজনীতির মোকাবিলা করে ধর্মনিরপেক্ষ জনমুখী বিকল্প হাজির করছে। এই বিকল্পকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment