মধুসূদন চ্যাটার্জি: বাঁকুড়া
বাংলা থেকে যত যুবক ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে চলে যাচ্ছেন তার একটা বড় অংশ বাঁকুড়ার। আর বাঁকুড়া জেলার সদর কেন্দ্র বাঁকুড়া শহর লাগোয়া বাঁকুড়া ১ নম্বর ব্লকের প্রায় প্রতিটি গ্রাম থেকেই যুবকরা আজ বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে চলে গেছেন।
এই যুবকেরা কেউ বাড়ি তৈরিতে, বা রাস্তার কাজে জনমজুরি করছেন। কেউ আবার হাইওয়ে বা বড়-মাঝারি শহরের হোটেল রেস্তোরাঁয় কাজ করে দিন চালাচ্ছেন। বাড়িতে পরিবারের অস্তিত্বটুকু রক্ষা করার জন্য রক্ত জল করে এখানে টাকা পাঠাচ্ছেন।
কেন এভাবে যুবকদের সংসার ছেড়ে থাকতে হবে?
এবারের নির্বাচনে বাঁকুড়ায় এই পরিযায়ী শ্রমিকদের এখানে কাজ দিয়ে ঘরে ফেরানোর স্লোগান উঠেছে।
কাজের প্রশ্নে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কার্যত নীরবই। কিন্তু লালঝান্ডার কর্মীরা বহু আগে থেকেই এই দাবি তুলে আসছেন। কোভিড মহামারির সময় বাঁকুড়ার পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ভয়াবহ চিত্র সামনে এসেছিল। তখন বাঁকুড়ার অধুনা প্রয়াত প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়ার উদ্যোগে ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকরা বাড়িতে ফিরতে পেরেছিলেন। তাঁদের আশ্রয়ের ব্যবস্থা করেছিল লালঝান্ডার মানুষজনই।
সে কথা আজও বাঁকুড়া ১ নম্বর ব্লকের ঝাটিবন, নন্দীগ্রাম, পোয়াবাগান, কাশিবনী, কুমিদ্দা, কালপাথর, বাদুলাড়া, নতুনগ্রাম, জলহরি, কাপিষ্টা এলাকার মানুষজন মনে রেখেছেন। মনে রেখেছেন চরম বিপদের সময় লালঝান্ডার কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা।
রবিবার সেই বাঁকুড়া-১ ব্লকের ঝাটিবন, নন্দীগ্রাম সহ একাধিক এলাকায় বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের সিপিআই(এম) প্রার্থী অভয়ানন্দ মুখার্জি বামফ্রন্টের কর্মীদের সঙ্গে প্রচারে গিয়েছিলেন। বহু মানুষ এদিন তাঁর প্রচারে অংশ নেন।
ঝাটিবন গ্রাম মুলত গরিব খেতমজুরদের বসবাসের গ্রাম। প্রচারে যাওয়ার পর গ্রামের মহিলারা লালঝান্ডার প্রার্থী অভয়ানন্দ মুখার্জিকে জানান যে তাঁদের কাজ নেই। বাঁচবেন কিভাবে? গ্রামে যে টিউবওয়েল করা ছিল বামফ্রন্টের সময়ে, তার কোন সংস্কার করা হয়নি। নলবাহিত জলের কল দিলেও সেই কল থেকে জল পড়ে না। টিউবওয়েলের জল খাওয়া যায় না। বেশ খানিকটা দুর থেকে জল আনতে হয়। অথচ পাশেই দ্বারকেশ্বর নদী। এখানে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হলো না। পঞ্চায়েতের লোকজন আসেই না গ্রামে বলে অভিযোগ বহু মানুষের।
ঘটনা হলো প্রতি মুহূর্তে চরম অভাবের মধ্য দিয়ে এই গ্রামের মানুষকে চলতে হচ্ছে। খালি ঝাটিবন নয়, বেশির গ্রামের মানুষই অনিশ্চয়তার মধ্যে দিন যাপন করছেন। তারই একটা ছবি উঠে এল এই গ্রামে।
পাশের নন্দীগ্রামের কৃষকরাও ধানের দাম পাননি বলে জানান, জানান, বাড়িতে বেকার যুবকরা বসে আছে। একটা অসহায় অবস্থায় তাঁদের দিন কাটছে।
এদিন প্রার্থী অভয়ানন্দ মুখার্জি মানুষজনকে জানান, মানুষের কাজের দাবিতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রয়োজনীয় শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করে সচল রাখা, গ্রামীণ রাস্তাগুলি মানুষের চলাচলের উপযুক্ত করে তোলা সহ মানুষের প্রতিদিনের প্রয়োজনের বিষয়গুলি নিয়ে লালঝান্ডা যে আন্দোলন জারি রেখেছে তা থাকবে। মানুষকে নির্ভয়ে তাঁদের ভোট দেওয়ার তিনি আহ্বান জানান।
ছবি: Bankura prachar Sunday রবিবার বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের সি পি আই (এম) প্রার্থী অভয়ানন্দ মুখোপাধ্যায়ের নির্বাচনী প্রচার বাঁকুড়ার ঝাটিবন গ্রামে।
Comments :0