পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট হচ্ছে তৃণমূলের সীমাহীন দুর্নীতি, স্বৈরাচারী রাজত্ব, অপশাসনের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। রাজ্যের জনগণ তৃণমূল কংগ্রেস সরকারের পতন চেয়েছেন। এই ক্ষোভের ফয়দা তুলেছে বিজেপি।
সোমবার সন্ধ্যায় বিধানসভা ভোটের ফলাফলের পরিপ্রেক্ষিতে দেওয়া বিবৃতিতে এই মত জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সেলিম বলেছেন, এই নির্বাচনে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এসআইআর-র মাধ্যমে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা, বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নামানো, প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় মন্ত্রীদের উস্কানির ফলে একটি ভীতির আবহাওয়া তৈরি করা হয়েছিল। এরই সঙ্গে সাম্প্রদায়িক মেরুকরণের প্রচার চালানো হয়েছে কেন্দ্র ও রাজ্যের শাসক দলের তরফ থেকে। বিজেপি তারও সুযোগ নিয়েছে।
তিনি বলেছেন, এই নির্বাচনে বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলা হয়েছিল। সহযোগী হিসাবে আইএসএফ-ও ছিল। তিনি বলেছেন, কিন্তু আমাদের ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও কংগ্রেসের সঙ্গে সমঝোতা না হওয়ায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিকল্পের স্থানটি বিজেপি দখল করে নিতে পেরেছে।
সেলিম বলেছেন, সারা দেশের অভিজ্ঞতায় আমরা জানি, বিজেপি একটি স্বৈরাচারী ও গণতন্ত্র-বিরোধী দল। তাদের জনবিরোধী ও গণতন্ত্র-বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সংগ্রামের জন্য এ-রাজ্যের মানুষকে তৈরি থাকতে হবে।
তিনি বলেন, দীর্ঘ সময়ের পরে রাজ্য বিধানসভায় এবার বামপন্থী বিধায়ক থাকবেন। বিধানসভার মধ্যে ও বাইরে জনস্বার্থে আন্দোলন চালিয়ে যাওয়ার লক্ষ্যে সিপিআই(এম) প্রতিশ্রুতিবদ্ধ। বামপন্থী কর্মীরা যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশেই থাকবেন।
তিনি বলেছেন, নির্বাচনের পরে রাজনৈতিক হিংসা, অশান্তির কোনো পরিবেশ যেন তৈরি না হয়। তাকে ব্যবহার করে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা হলে তা প্রতিহত করতে রাজনৈতিক দল ও প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। সিপিআই(এম) রাজ্য সম্পাদকের দাবি, রাজ্যে আইনের শাসন কঠোর ভাবে বজায় রাখতে হবে।
Md Salim on Assembly Result
বিধানসভার ভেতরে-বাইরে জনস্বার্থে চলবে আন্দোলন: সেলিম
×
Comments :0