DYFI

২ মার্চ জলপাইগুড়ি এসডিও অফিস অভিযান ডিওয়াইএফআই'র

জেলা

রাজ্যে পাহাড়প্রমাণ বেকারত্ব, ধুঁকতে থাকা গ্রামীণ অর্থনীতি এবং ভোটার তালিকা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে আগামী ২ মার্চ জলপাইগুড়ি মহকুমা শাসকের দপ্তর অভিযানের ডাক দিয়েছে ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা কমিটি। ওই দিন বেলা ১২টায় শহরের মাদ্রাসা ময়দান থেকে শুরু হবে এক বিশাল প্রতিবাদ মিছিল। মিছিলের মূল স্লোগান— "শিল্প চাই, কাজ চাই; বাম পথে বাংলা চাই।"
একদিকে রাজ্যের তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতি আর অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির জেরে যুবসমাজের ভবিষ্যৎ আজ ঘোর অন্ধকারের মুখে। রাজ্যে নতুন কোনো শিল্প নেই, আর যা-ও বা কর্মসংস্থানের নূন্যতম সুযোগ ছিল, তা শাসকদলের দুর্নীতির গ্রাসে বিলীন হয়ে গেছে। এই পরিস্থিতির আমূল পরিবর্তনের দাবিতে একগুচ্ছ দাবি নিয়ে রাজপথে নামছে বাম যুব সংগঠন।
সংগঠনের জেলা সম্পাদক বেদব্রত ঘোষ দৃঢ়তার সঙ্গে জানান, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত প্রতিটি বেকার যুবক-যুবতীকে মাসে অন্তত ৬০০০ টাকা বেকার ভাতা দিতে হবে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে হবে। বড় সংখ্যক মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার যে কোনো প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। ২ মার্চ মাদ্রাসা ময়দান থেকে এসডিও অফিস পর্যন্ত মানুষের ঢল নামবে। মেহনতি মানুষ এবং যুব সমাজ এই আন্দোলনে শামিল হয়ে শাসকদলের ব্যর্থতার যোগ্য জবাব দেবে।
ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দেবরাজ বর্মন বলেন, "সরকারি দপ্তরগুলি আজ অপদার্থতার আখড়ায় পরিণত হয়েছে। সাধারণ মানুষের নূন্যতম দাবিদাওয়া নিয়ে সরকার নির্বিকার। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।"
ইতিমধ্যেই এই অভিযানকে সফল করতে জলপাইগুড়ি মহকুমা জুড়ে গ্রাম থেকে শহরে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। চলছে দেওয়াল লিখন ও পথসভা।

Comments :0

Login to leave a comment