কামারহাটি পৌরাঞ্চলের ১২ নম্বর ওয়ার্ডে প্রচার কর্মসূচি চলাকালীন মানস মুখার্জির সঙ্গে দেখা করে কথা বলেন, ১৩ নম্বর ওয়ার্ডের আদ্যাপীঠ মন্দিরের মূল ফটকের পাশের উচ্ছেদ হওয়া আন্দোলনরত পথ-পার্শস্থ্য দোকানদাররা। বিধায়ক মদন মিত্র এবং ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিয়ে তাঁরা মানস মুখার্জিকে জানান, নিকাশী সংস্কারের কাজের সুবিধার নামে আদ্যাপীঠ মন্দিরের পাশে অবস্থিত দীর্ঘদিনের পথ-পার্শস্থ্য দোকানদারদের উচ্ছেদ করে দেওয়া হয়। প্রতিশ্রুতি ছিল কাজ শেষ হওয়ার পরে ফের তাঁদের পেশা চালাতে দেওয়া হবে। কিন্তু দীর্ঘ ৬ মাস অতিক্রান্ত হয়ে গেলেও তাঁদের বসতে দেওয়া হচ্ছে না এবং পুলিশ দিয়ে হটিয়ে দেওয়া হচ্ছে। অথচ, এই স্থানগুলিতে বসে দীর্ঘদিন ধরে পেশা চালিয়ে তাঁদের পরিবার প্রতিপালন সম্ভব হতো।
উল্লেখ্য ; নির্বাচন ঘোষণা আগে পর্যন্ত এই ঘটনার প্রতিবাদে উচ্ছেদ হওয়া পথ-পার্শস্থ্য দোকানদাররা মিছিল মিটিং চালিয়ে গেছেন। তাঁদের বক্তব্য, বেকারদের ঘুগনি, চপ, চা ইত্যাদি বিক্রি করার জন্য বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি , অথচ পুলিশ প্রশাসনকে দিয়ে এই পথ-পার্শস্থ্য দোকানদারদের উচ্ছেদ করা হচ্ছে। নির্বাচন ঘোষণার পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচিতে নিষেধাজ্ঞার কথা বলে দেওয়া হয়েছে। ধৈর্যের সাথে তাঁদের বক্তব্য শোনেন মানস মুখার্জি। তাঁদের দাবির প্রতি সমর্থন জানিয়ে এবং প্রয়োজনে আইনি সহায়তার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে তাঁদের তিনি পৃথকভাবে দেখা করতে বলেন।
বামফ্রন্ট মনোনীত সিপিআই (এম) প্রার্থী মানস মুখার্জি’র সমর্থনে নির্বাচনী প্রচারে এসে শুক্রবার সংবাদ মাধ্যমে চিত্রাভিনেত্রী উষসী চক্রবর্তী বললেন, জয়ী হবেন মানস মুখার্জি। উষসী চক্রবর্তী বললেন, এবারে কামারহাটিতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। এই কেন্দ্রে জয়ী হবেন মানস মুখার্জি। বামপন্থী আন্দোলনের ঐতিহ্যমন্ডিত বিধানসভা কেন্দ্র কামারহাটি। তাই, এই কেন্দ্র থেকেই বামফ্রন্টের পক্ষে নির্বাচনী প্রচারের কাজ শুরু করলেন তিনি। শুক্রবার সকালে কামারহাটি গৌরাঞ্চলের ১৫ এবং ১২, ১০, ১১ ইত্যাদি ওয়ার্ডের জনবহুল স্থানে দেওয়াল লিখন করেন উষসী চক্রবর্তী। সঙ্গে তুলির টান দেন প্রার্থী মানস মুখার্জি। সর্বত্রই শামিল হন পার্টি কর্মীরা এবং অঞ্চল গুলির মানুষজন। কামারহাটি বিধানসভা কেন্দ্র জুড়ে বিপুল উৎসাহে চলছে প্রার্থী মানস মুখার্জিকে সঙ্গে নিয়ে প্রচার মিছিল, দেওয়াল লিখন, হয়েছে অনেকগুলি পাড়া বৈঠক। বামপন্থার পুনরুজ্জীবন কেন দরকার বুঝিয়ে বলে মানস মুখার্জি, ভোট লুটের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদনও করছেন। বিধানসভা কেন্দ্রের প্রায় সকলেই তাঁর পরিচিত। প্রচার কর্মসূচিতে বেরিয়ে নমস্কার বিনিময় এবং করমর্দন করে সকলের সাথে কথা বলছেন মানস মুখার্জি।
Comments :0