Assembly Election 2026: Baranagar

বরানগর: বাম পুনরুত্থানের জোরালো বার্তায় জনস্রোত

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

রবিবার মহামিছিলে বিমান বসু, প্রার্থী সায়নদীপ মিত্র এবং শতরূপ ঘোষ। ছবি: অভিজিৎ বসু

অরিজিৎ মণ্ডল ও পূজা বোস

দুর্নীতি, বিভাজন আর নৈরাজ্যের রাজনীতিকে হটিয়ে বামশক্তির পুনরুত্থানের সঙ্গী হচ্ছে বরানগর। রবিবার সিপিআই(এম) প্রার্থী সায়নদীপ মিত্রের সমর্থনে মহামিছিল এই বার্তা দিলো সরাসরি।
এদিন বরানগর কেন্দ্রে মিছিলে যোগ দেন বামফ্রন্টের সভাপতি বিমান বসু। অংশ নেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষও। ছিলেন বাম নেতৃবৃন্দ।
এদিন সিঁথির মোড় থেকে বরানগর আলম বাজার পর্যন্ত হয় এই মিছিল। 
বর্ণাঢ্য মিছিল ঘিরে উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। স্থানীয়রাই আলোচনা করছিলেন যে এমন মিছিল বহুদিন বরানগর দেখেনি। বাংলা বাঁচানোর লড়াইয়ে বরানগর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা এই মিছিলেই স্পষ্ট। 


মিছিলে অংশ নেওয়া অনেকেই বলেছেন যে দুই ফুলের দুর্নীতি ও ভাঁওতাবাজির বিরুদ্ধে বিকল্পের কথা পৌঁছে দেবে বামপন্থীরাই। জনতারও এমনই প্রত্যাশা। 
এদিন মিছিলে একদিকে বেজেছে গান। আর ছিল বাংলা ঐতিহ্যময় ছৌ নাচও। 
এদিন বিমান বসু বলেন, "বরানগর বরাবর বামপন্থীদেরই ছিল। এই আসন গত কয়েক বছর বামপন্থীদের হাত থেকে চলে যায়। তার মানে এই নয় যে বরানগরের মানুষ নৈরাজ্য পছন্দ করেন। বরানগরের মানুষ ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে বিভাজনের নীতিকে সমর্থন করেন না। তাই যারা মানুষের মধ্যে বিভাজন করে, যারা নৈরাজ্য করে, যারা দুর্নীতি করে, তাদেরকে পরাস্ত করার জন্য বরানগরের মানুষ জোটবদ্ধ হবেন, ঐক্যবদ্ধ হবেন। বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সায়নদীপ মিত্রকে জয়ী করবেন।"
শতরূপ ঘোষ বলেন, "বরানগর এলাকা বামপন্থীদের লড়াইয়ের ইতিহাসের সাক্ষী। ষাট-সত্তরের দশকে এখানে বহু কমরেড খুন হয়েছেন। এই বরানগরের মানুষ বিপদের সময়ে কমরেডদের বুক দিয়ে আগলে রেখেছেন। আজ বরানগর হবে বামপন্থীদের পুনরুত্থানের একটি মাইলফলক।’’ তিনি বলেন, ‘‘সায়নদীপ মিত্র ছাত্র-যুব আন্দোলন করে গোটা এলাকার মানুষের মধ্যে পরিচিত হয়েছেন। বামপন্থার পুনরুত্থানে বরানগরের মানুষের লড়াইয়ের সঙ্গী হিসেবে বিধানসভায় যাবেন সায়নদীপ মিত্র।"

Comments :0

Login to leave a comment