বিজয় উল্লাসের নামে শ্রমজীবি মানুষের রুটিরুজির ওপর বর্বর আক্রমণ ও লেনিনের মূর্তির অবমাননার প্রতিবাদ জানাল বামপন্থী দলসমূহের দার্জিলিঙ জেলা কমিটি। শুক্রবার বিকেলে বামপন্থী দলসমূহের ডাকে হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিল ভেনাসমোড় ঘুরে হিলকার্ট রোড ধরে সেবক মোড় হয়ে ফের অনিল বিশ্বাস ভবনের সামনে এসে শেষ হয়। মিছিলে ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির প্রবীন নেতা জীবেশ সরকার, প্রবীন পার্টি নেতা অশোক ভট্টাচার্য, সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক, গৌতম ঘোষ, জয় চক্রবর্তী, তাপস গোস্বামী, বিকাশ সেন রায় সহ বামপন্থী দলসমূহের অন্যান্য নেতৃত্ব। মিছিল চলাকালীন জীবেশ সরকার ও সমন পাঠক বলেন, ১৯৪৫সালের এই দিনটিতেই নাৎসি হিটলারের সরকারের ফ্যাসিস্ত জমানার অবসান ঘটেছিলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটেছিলো। ফ্যাসিবাদ পরাজিত হয়েছিলো। আমাদের দেশেও এই সময়ে ফ্যাসিবাদী তৎপরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনে জয় পরাজয় থাকেই। কিন্তু সম্প্রতি বিধানসভা নির্বাচনে বিজেপি দল বিজয়ী হবার পরে নির্বাচন পরবর্তী সময়ে দেখা গেছে নানা ধরনের আক্রমন সন্ত্রাস এমনকি লেনিনের মূর্তি পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। বিভিন্ন মানুষের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর চালানো সহ রাজনৈতিক দলের পার্টি অফিসের ওপর আক্রমন নামিয়ে আনা হয়েছে। এই বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানানোর পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করার বিরুদ্ধে, শ্রমজীবি মানুষের অধিকার সুরক্ষিত রাখা, বুলডোজারের রাজনীতি বন্ধ করা, উচ্ছেদের নাম করে গরীব মানুষের জীবনজীবিকার ওপর আক্রমন বন্ধ করার দাবি জানান তারা। সাধারনের জীবজীবিকা রক্ষার প্রশ্নে ও বিজেপি—র ভয়ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টির বিরুদ্ধে ধারবাহিকভাবে বামপন্থীদের লড়াই চলবে।
Left Rally
নির্বাচন পরবর্তী হিংসার প্রতিবাদে বামপন্থীদের মিছিল শিলিগুড়িতে
×
Comments :0