শুক্রবার সন্ধ্যায় যাদবপুর বিধানসভা কেন্দ্রের বাম মনোনীত সিপিআই(এম) প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সমর্থনে হালতু থেকে সন্তোষপুর পর্যন্ত এক বিশাল রোড শো করা হয়।সেখানে প্রার্থী সহ অনান্য নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বসু বলেন, "এবার পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে বাংলা বাঁচানোর যে লড়াই শুরু হয়েছে তাতে মহাশূন্য বিচরণ করার সময় আর নেই। ফলে, বামেরা মহাশূন্যে বিচরণ করবে না।"
এদিন বাইনারি রাজনীতি প্রসঙ্গে তার মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, "এখনও বাইনারি রাজনীতি সবটা শেষ হয়ে গেছে এমনটা বলা যায়না। তৃণমূল এবং বিজেপি সুকৌশলে এই বাইনারি তৈরী করে। তবে, এই বাইনারী খেলা এখন সাধারণ মানুষ ধরে ফেলছেন। এর বিরুদ্ধে আমরা বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে সেখানে মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। মানুষকে জানানো হচ্ছে , তৃণমূলের জন্ম দিয়েছে আরএসএস তেমনি বিজেপিরও জন্মদাতা ওরাই। এদের দুজনের জন্মদাতা একজনই, তাই বুঝে নিতে হবে দেশের রাজনীতির সামগ্রিক বিচারে বাংলার অবস্থা এমন যে রাজ্যে অনেক উন্নয়ন হয়েছে বলার পরেও তৃণমূলের সরকার বেকার ভাতা ঘোষণা করার সময় থেকে এখনও পর্যন্ত বেকার ভাতায় ১ কোটির বেশি নাম নথিভুক্ত হয়ে গিয়েছে। তার মানে এমন উন্নয়ন হয়েছে যে কোটি কোটি মানুষকে বেকার তৈরী করে দিয়েছে। অপরদিকে, বিজেপি মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, ভাষার ভিত্তিতে বিরোধ বিভেদ তৈরী করার চেষ্টা করছে। ফলে আমরা বলছি, বিজেপি তফাৎ যাও, তৃণমূল কংগ্রেস একটু সড়ে দাঁড়াও, বাংলাকে রক্ষা করার জন্য বাংলাকে বাঁচাতে বামপন্থীদের জয়যুক্ত করার ব্যবস্থা পাকাপাকি কর।"
আরও এক প্রশ্নে তিনি বলেন, "ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস। বিশ্বাস অনুযায়ী মানুষ ধর্মাচরণ করবেনা এর বিরুদ্ধে কারুর কিছু বলার নেই। তবে, এখন ধর্মব্যাবসায়ীরা নেমে পড়েছেন নির্বাচন কাজে তাদের সাফল্য অর্জন করার জন্য। মানুষকে বিভিক্ত করার জন্য এর বিরুদ্ধে মানুষকে সব সময় সজাগ থাকতে হবে।"
Comments :0