আইনের শাসন ছিল না বলে মানুষ ক্ষোভ জানিয়েছেন বিধানসভা নির্বাচনে। সেই একই পথে যেন নতুন সরকার না চলে।
বুলডোজার-রাজ, হকার উচ্ছেদ থেকে গোরক্ষার নামে জুলুমবাজি প্রসঙ্গে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর ব্যাখ্যা, বুলডোজার রাজ বা গোরক্ষা জুলুমে বাধা পায় আইনের শাসন। সর্বদা তা দেখা গিয়েছে।
এদিন সিপিআই(এম) রাজ্য দপ্তর মুজফ্ফর আহ্মদ ভবনে তিনি বলেন, এরাজ্যে গোরক্ষার নামে জুলুমবাজি শুরু হয়েছে। নতুন সরকারকে বলব এই পথে যাবেন না। অশান্তি, সামাজিক ভারসাম্য যাতে বিঘ্নিত না হয়। সম্প্রীতি যাতে নষ্ট না হয়। আগের সরকারের বিরুদ্ধে জনতার রায়ের অন্যতম কারণ আইনের শাসন না থাকা। সেই পথে যেন নতুন সরকার না চলে।
দু’দিনের রাজ্য কমিটি বৈঠকে নির্বাচনী পর্যালোচনার শেষে সাংবাদিক বৈঠক করেন সেলিম। তিনি জানিয়েছেন যে নির্বাচনী লড়াইয়ের অভিজ্ঞতা সব স্তরে বিশ্লেষণ করবে সিপিআই(এম)। সমর্থক, দরদি অংশের মতামতও জানা হবে।
তিনি জানান যে সিপিআই(এম) রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন হবে ২৯-৩০ আগস্ট। তার আগে ৫ আগস্ট কাকাবাবুর জন্মদিনে পাঠচক্রে নির্বাচনী পর্যালোচনা সংক্রান্ত আলোচনা হবে।
তিনি বলেন, মাংস কেবল মুসলিমরা খান না, আদিবাসী বা তফসিলি মানুষও খান। সেলিম বলেন, প্রধানমন্ত্রী আরব দেশগুলিতে যান সফরে। সেখানে সাইনবোর্ড লাগিয়ে ‘ইন্ডিয়ান বিফ‘ বিক্রি হয়। ভারত মাংস রপ্তানিতে দ্বিতীয়। কেন্দ্রের সরকার প্রথম হতে চাইছে।
সেলিম বলেন, রাজ্যে এই প্রথম আরএসএস পরিচালিত রাজনৈতিক দল বিজেপি সরকারে আসীন হয়েছে। তিনি বলেন, সামনে কুরবানি, বকরি ঈদ। গবাদি পশু ব্যবসায়ী অনেকে রয়েছেন। আমাদের রাজ্যে পশুপালনে একটি বড় অংশ জড়িত। সব ধর্মের মানুষই এর মধ্যে রয়েছেন।
সেলিম বলেন, যে পশুহত্যা বন্ধ সংক্রান্ত সরকারি নির্দেশিকার জেরে বহু ছোট হাটে বিকিকিনি বন্ধ হয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন গোপালকরা। তিনি বলেন, ধর্মীয় সুড়সুড়ি দিয়ে গো-প্রজনন, বা পরিবহণ যদি বাধা দেওয়া হয় তা’হলে যুক্ত বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সেলিম জানিয়েছেন যে ক্ষতিগ্রস্তদের পক্ষে আদালতে আবেদন জানানো হবে। পাশাপাশি তাঁদের নিয়ে রাস্তায় নামবে সিপিআই(এম)। গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সব অংশকে শামিল হোয়ার আহ্বান জানান তিনি।
সেলিম বলেন, সরকারকে সিদ্ধান্ত নিতে হয় ভেবেচিন্তে। আর্থিক দিক দেখে নিতে হয়। যেভাবে জোরজুলুম করে করা হচ্ছে সেটা বেঠিক। হকার উচ্ছেদের ক্ষেত্রেও আমাদের সেটিই বক্তব্য। একটি সময়সীমার উল্লেখ আগে থেকে করতে হয়।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় তপসিয়ায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার প্রতিবাদে সিপিআই(এম)’র মিছিলে অংশ নেবেন সেলিম।
সেলিম বলেন যে বিজেপি নির্বাচনে সরকারি পদে নিয়োগ, শিল্প তৈরির মতো প্রতিশ্রুতি দিয়েছিল। চাকরি দেবে বলেছিল। সেই প্রতিশ্রুতি যেন আগে পালিত হয়।
Comments :0