Mid-Day Meal Workers

একাধিকা দাবিতে বাদুড়িয়ায় মিড ডে মিল কর্মীদের মিছিল, স্মারকলিপি

জেলা

মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দিয়ে সরকারি দায়িত্ব এড়ানো চলছে না চলবে না। মিড ডে মিল প্রকল্প বেসরকারীকরণ করতে দিচ্ছি না দেব না। ১০মাস নয়, ১২মাসের বেতন দিতে হবে। ৩ হাজার নয়, ন্যূনতম ২৬ হাজার টাকা ও উৎসব কালীন ভাতা দিতে হবে। মঙ্গলবার বাদুড়িয়ায় শহীদ তিতুমীরের মাটি থেকে, শ্রমের মর্যাদা, সামাজিক সুরক্ষা সহ এমনই একাধিক দাবিতে সোচ্চার হলো শয়ে শয়ে মিড ডে মিল কর্মী। পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডাকে এদিন ঈশ্বরীগাছা মোড়ে বাদুড়িয়া ব্লকের ৩২টি স্কুলে নিযুক্ত বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর তিন শতাধিক মিড ডে মিল কর্মী জড়ো হয়। শুরু হয় মিছিল। দীর্ঘ পথ হেঁটে মিছিল আসে বিডিও অফিস চত্বরে। সেখানে সংক্ষিপ্ত সভা হয়।
রাজ্যে ক্ষমতায় এসে আরএসএস পরিচালিত ‘ডবল ইঞ্জিন সরকার’ ঘোষণা করেছে মিড ডে মিল প্রকল্পে খাবার সরবরাহ করবে ‘ইসকন’। আপাতত কলকাতা জেলার স্কুলগুলিতে মিড ডে মিলের খাবার সরবরাহ করবে ইসকন। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পরবর্তীতে রাজ্যের সব স্কুলে ইসকনের খাবার পৌঁছানোর কথা ঘোষণা করে রাজ্যের ডবল ইঞ্জিন সরকার। এই খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন হাজার হাজার মিড ডে মিল কর্মী। পুষ্টিকর খাবার _‘ডিম আউট, সয়াবিন, রায়তা ইন’। সরকারের এহেন মনুবাদী ভাবনা কোনমতেই মেনে নেবে না পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন। এদিন এমনই হুঁশিয়ারি দিয়ে দাবি আদায়ে লড়াই জারি রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সভায় বক্তব্য রাখেন সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক শিবশঙ্কর ঘোষ, শ্রমিক নেতা শঙ্কর ঘোষ, হাসানুজ্জামান। ছিলেন শ্রমিক নেতা ইউনুস আলি শা। গণতান্ত্রিক আন্দোলনের নেতা ক্ষিতিশ মণ্ডলের নেতৃত্বে ৮ জনের প্রতিনিধিদল স্মারকলিপি জমা দেন বিডিওর কাছে। ডেপুটেশন শেষে তার নির্যাস তুলে ধরেন সংগঠনের রাজ্য নেত্রী রুনা লায়লা জামান। বিডিও পার্থ হাজরা ৮দফা দাবির সাথে সহমত পোষণ করেন। শীঘ্রই পরিচয় পত্র দেওয়ার আশ্বাস দেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়গুলি আনবেন বলে জানান।

Comments :0

Login to leave a comment