কৌশিক দাম
চা বলয়ের তীব্র সংকট, কর্মসংস্থান আর শিক্ষা-স্বাস্থ্যের বেহাল দশা—এই ‘ত্রিফলা’ ইস্যুকে হাতিয়ার করেই নির্বাচনী ময়দানে ঝড় তুলছেন নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বাম-গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জোটের প্রার্থী দিল কুমার ওরাওঁ। রবিবার আংরাভাষা ১ এবং ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় নিবিড় জনসংযোগ ও প্রচারের মধ্য দিয়ে মানুষের অধিকারের দাবিকে আরও জোরদার করলেন তিনি।
রবিবার সকাল থেকেই আংরাভাষার অলিতে-গলিতে জোট প্রার্থীর সমর্থনে কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। লাল ঝাণ্ডা কাঁধে বাম কর্মীদের স্লোগান আর সাধারণ মানুষের উচ্ছ্বাস জানান দিচ্ছিল পরিবর্তনের হাওয়া। ঘরে ঘরে গিয়ে মানুষের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি বামপন্থী বিকল্পের বার্তা পৌঁছে দেন তিনি।
প্রচার চলাকালীন দিল কুমার ওরাওঁ বলেন, "এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানোই আমাদের মূল লক্ষ্য।"
তাঁর বক্তব্যে উঠে আসে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা এবং চা বাগান ও বস্তি এলাকায় বসবাসকারী মানুষদের জমির স্থায়ী পাট্টার অধিকার দেওয়ার দাবি। বাগান বন্ধ হওয়া এবং কর্মসংস্থানের অভাবে শ্রমিকদের ভিনরাজ্যে পাড়ি দেওয়ার যে বিপজ্জনক ধারা তৈরি হয়েছে, তা রুখতে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করার বিকল্প দিশাও দেখান তিনি।
শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার দশা নিয়ে সরব হয়ে তিনি দাবি করেন, শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনই প্রমাণ করছে যে আগামী দিনে এই লড়াই জয়ের পথ প্রশস্ত করবে।
Comments :0