ছয় মাসের সন্তানসম্ভবা সেরিনা বিবি। স্বামী দীনমজুর সফিকুল মোল্লা। কানমারির বাউনিয়া গ্রামের বাসিন্দা। ন্যাজাট থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার নমিতা সর্দার। এবারের এসআইআর পরবর্তী সেরিনা নমিতার নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। সেরিনা, নমিতা ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন। এরকম অসংখ্য নারী পুরুষ ছড়িয়ে আছেন বসিরহাট মহকুমা জুড়ে। যাদের মধ্যে অসংখ্য ডিলিট ভোটার ট্রাইব্যুনালে আবেদনকারীরা শনিবার বাদুড়িয়ার রামচন্দ্রপুর বালিকা বিদ্যালয়ের মাঠে, কর্মতীর্থ প্রাঙ্গণে এবং সন্দেশখালির কালিনগরে সিপিআই(এম)র দপ্তরে একরাশ ভয় নিয়ে আইনী সহায়তা শিবিরে এসেছেন। সফিকুলের প্রশ্ন, রোজ কামাই করে দুশো টাকা খরচ করে আসতে হলো। বৌটার নাম উঠবে তো? একই প্রশ্ন ইটভাটা শ্রমিক খাদিজা বিবির। চোখে মুখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। ছমাস ভাটা বন্ধ। তাই রোজও বন্ধ। ১০০ টাকা পথ খরচ করে চার মাসের কন্যা সন্তান কোলে নিয়ে এসেছেন। যেমন কোনমতে লাঠিতে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসেছেন সুদূর রাজবাড়ী থেকে আশি উর্দ্ধো মাজেদা বিবি, লালমণি বিবি। এমনই কেউ ১ মাস কেউ ৭মাস তো কেউ ৯ মাসের বাচ্চা কোলে অধীর আগ্রহে আইনী সহায়তা শিবিরগুলিতে।
সেহারা রাধানগর পঞ্চায়েতের ১২৭নং বুথের বাসিন্দা ষাটোর্ধ্ব সিপিআই(এম)র প্রাক্তন সদস্য মাজেদ আলি ফকির। তৃণমূল ক্ষমতায় এসে একঘরে করে রেখেছিল গোটা পরিবারকে। জব কার্ড, পিপিএইচ রেশন কার্ড কেড়ে নিয়েছিল। দীর্ঘ ১৫ বছর কার্যত গৃহবন্দি করে রেখে বুথে কোন দীনমজুরের কাজ করতে দেয় নি। শেষে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দিয়েছে তৃণমূলে নাম না লেখানোর অপরাধে। শিবিরে এসে শোনালেন জীবনজীবিকার এহেন সঙ্কটের কথা। কালিনগরের শিবিরে উপস্থিত সিপিআই(এম) নেতা নিরাপদ সর্দার কলকাতার উচ্চ আদালতের আইনজীবী রাজীতলাল মৈত্র, সিদ্ধার্থ মন্ডল, বাদুড়িয়ার শিবির দুটিতে আইনজীবী শামীম আহমেদ ডিলিট ভোটার ও ট্রাইব্যুনালে আবেদনকারী শয়ে শয়ে ভোটারদের আশ্বাস দিলেন ভোটাধিকার ফিরিয়ে দিতে আদালতে জনস্বার্থের মামলা করে আইনী পথে লড়াই যেমন চলবে তেমনি রাস্তাতেও লড়াই জারি থাকবে। বৈধ ভোটারদের নাম বাদ যাবে এ জিনিস মেনে নেওয়া হবে না। প্রোফর্মা তৈরি করা হচ্ছে। তা পূরণ করে আদালতে পেশ করা হবে। যে সমস্ত দায়িত্বশীল আধিকারিকদের কারণে নাম বাদ গিয়েছে তাদের জবাবদিহি করতে হবে। জেলায় জেলায় ট্রাইব্যুনাল আদালত বসিয়ে দ্রুত এর নিষ্পত্তির দাবি জানানোর কথাও জানিয়ে দিলেন আইনজীবীরা।
CPI(M) Camp at Baduria Kalinagar
এসআইআরে নাম বাদ, সিপিআই(এম)’র আইনী সহায়তা শিবির বাদুড়িয়ার কালিনগরে
ঝড় বৃষ্টি উপেক্ষা করে নদী পেরিয়ে কালিনগরের আইনী সহায়তা শিবিরে ট্রাইব্যুনালে আবেদনকারীরা।। ছবি:প্রবীর দাস।
×
Comments :0