Prakash Raj At DYFI conference

ফ্যাসিস্ট শাসন আর বেশিদিন টিকবে না, যুব সম্মেলনে বললেন প্রকাশ রাজ

জাতীয়

ফ্যাসিস্ট শাসন বেশিদিন টিকবে না। যুবজনতার প্রতিবাদের চেহারা এই বার্তাকেই স্পষ্ট করেছে। 
বৃহস্পতিবার ত্রিশূরে ডিওয়াইএফআই কেরালা রাজ্য সম্মেলনে এ কথা বলেছেন অভিনেতা এবং প্রতিবাদী প্রকাশ রাজ। 
রাজ বলেছেন, ‘‘দেশের যুবরা সরাসরি প্রধানমন্ত্রীকেই বলছেন যে আপনাকে বুঝে গিয়েছি। কেন প্রশ্নপত্র ফাঁস হয় বুঝে গিয়েছি। এই প্রথম প্রধানমন্ত্রীর দম্ভের বেলুন ফাঁসিয়ে দিয়েছে।’’ তিনি বলেছেন, ‘‘কমবয়সীরা স্পষ্ট করে জানিয়েছে যে রাজনীতিতে অংশ নিতে ভয় পাচ্ছে না।’’ 
দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদ সম্পর্কে এই বরিষ্ঠ অভিনেতার বিবরণ, ‘‘অনেকে এই প্রথমবার রাস্তায় নেমেছে, এই প্রথমবার প্রতিবাদে অংশ নিয়েছে। তারা সংসদ অভিযান চালিয়েছে। সংসদ নড়ে উঠেছে। আমি নিশ্চিত এই ফ্যাসিস্ট শাসন আর বেশিদিন চলবে না।’’
যন্তর মন্তরে ককরোচ জনতার পার্টির ডাকে প্রতিবাদ মুখ্যত ছিল প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে। সামগ্রিক শিক্ষার বেহাল দশা জুড়ে যায় সেই আন্দোলনের সঙ্গে। এসএফআই, ডিওয়াইএফআই বা এআইএসএ’র মতো বামপন্থী ছাত্র-যুব সংগঠন জুড়ে থেকেছে আন্দোলনের সঙ্গে। 
রাজ সেই প্রসঙ্গেই বলেছেন, ‘‘ছাত্রছাত্রীদের পাশাপাশি তাঁদের বাবা-মায়েরাও প্রতিবাদে শামিল হয়েছেন, সমর্থন করেছেন। প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে গিয়েছে।’’
ডিওয়াইএফআই‘র মতো সংগঠনের উদ্দেশ্যে তাঁর আহ্বান, নাগরিকদেরও বিকল্পের পক্ষে সচেতন করা, বিকল্পের বার্তা দেওয়ার কাজ চালিয়ে যেতে হবে।

Comments :0

Login to leave a comment