বামফ্রন্টের তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণার পর আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র জুড়ে নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে উঠেছে। প্রার্থী ঘোষণা হবার পড়েই সঙ্গে সঙ্গেই মিছিল হয়। এদিন মিছিলে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী শ্যামল রায়, সিপিআই(এম) আলিপুরদুয়ার জেলা সম্পাদক কিশোর দাস, রাজ্য কমিটির সদস্য অলোকেশ দাস সহ নেতৃবৃন্দ।
সোমবার পৌরসভা ভবন থেকে সিপিআই(এম) নেতা-কর্মীরা বর্ণাঢ্য মিছিল করে শহর পরিক্রমা করেন। গ্রাম থেকে শহর—সব জায়গাতেই লালঝাণ্ডার সমর্থনে প্রচারের জোয়ার স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে এবারের প্রচারে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক নতুন মাত্রা যোগ করেছে। এলাকার গরিব চাষি, ক্ষেতমজুর এবং ১০০ দিনের কাজের কর্মীদের মধ্যে প্রার্থী শ্যামল রায়কে ঘিরে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে। বিশেষ করে পরিযায়ী শ্রমিক পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যেও সমর্থনের ঢেউ চোখে পড়ার মতো। দোকানের দেওয়াল থেকে গ্রামাঞ্চলের বাড়ি সর্বত্রই কাস্তে-হাতুড়ি-তারা চিহ্নের দেওয়াল লিখন শুরু হচ্ছে। যারা আগে ভয় বা সংকোচে দেওয়াল দিতে চাইতেন না, তারাও এখন স্বতঃপ্রণোদিত হয়ে দলীয় কর্মীদের ডেকে দেওয়াল রাঙাচ্ছেন।
এলাকাজুড়ে এখন একটাই স্লোগান শোনা যাচ্ছে 'হাল ফেরাতে লাল ফেরান'। প্রচারে শুধু দলীয় কর্মীরাই নয়, সাধারণ মানুষও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। স্থানীয়দের মতে, বাংলার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং দুর্নীতিমুক্ত শাসন প্রতিষ্ঠা করতে বামপন্থীরাই একমাত্র ভরসা।
Comments :0